সংবাদদাতা, হলদিয়া: হলদিয়ার বাড়বাসুদেবপুর গ্রামে পিতলের তৈরি পূর্ণিমার রথ উপলক্ষ্যে ১০ জুলাই বিশেষভাবে সক্ষমদের জন্য জব ফেয়ার ও বিনামূল্যে কৃত্রিম অঙ্গ সহায়তার আয়োজন হয়েছে। রথযাত্রা কমিটি ও গ্রামবাসীরা এমন উদ্যোগ নিয়েছেন। যে সমস্ত বিশেষভাবে সক্ষম তরুণ-তরুণী কাজ খুঁজছেন, তাঁরা জব ফেয়ার বা চাকরি মেলায় অংশ নিতে পারবেন। দুর্ঘটনায় হাত-পা খুইয়েছেন, এমন ৩০জন গরিব মানুষকে রথযাত্রা কমিটির তরফে কৃত্রিম অঙ্গ দিয়ে সহায়তা করা হবে।
গতবছর থেকে বাড়বাসুদেবপুরের গৌরনিতাই রথযাত্রা উৎসব কমিটি এমন সামাজিক কর্মসূচি শুরু করেছে। এই রথযাত্রার যৌথ আয়োজক হলদিয়ার নরনারায়ণ সেবা চ্যারিটেবল ট্রাস্ট, স্থানীয় দাস পরিবার ও গ্রামের বাসিন্দারা। এবার গৌরনিতাই রথযাত্রা ১৩তম বর্ষে পড়েছে। প্রতিবছর গুরুপূর্ণিমায় ওই রথযাত্রায় বাড়বাসুদেবপুর সহ কয়েকটি গ্রামের মানুষ আনন্দে মেতে ওঠেন। হলদিয়া, সুতাহাটা, মহিষাদল থেকে বিশেষভাবে সক্ষমরা রথযাত্রায় শামিল হন।
ট্রাস্টের সভাপতি পান্নালাল দাস তিনদশকের বেশি সময় ধরে বিশেষভাবে সক্ষমদের স্বনির্ভর করার কাজ করছেন। পূর্ব মেদিনীপুর জেলার বিশেষভাবে সক্ষমদের সংগঠনের দায়িত্বেও রয়েছেন পান্নালালবাবু। প্রায় দু’দশক আগে দুর্ঘটনাগ্রস্ত হয়ে তিনি নিজেও বিশেষভাবে সক্ষম হয়ে যান।
পান্নালালবাবু বলেন, বিশেষভাবে সক্ষমরা উৎসবে প্রায়ই উপেক্ষিত থাকেন। তাই গ্রামবাসীদের সঙ্গে নিয়ে তাঁদের জন্য বিশেষ রথযাত্রার আয়োজন করেছি। বৃহস্পতিবার গুরুপূর্ণিমার দিন সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত চলবে বিশেষভাবে সক্ষমদের জন্য চাকরি মেলা চলবে। এজন্য একটি সর্বভারতীয় নামী সংগঠন গ্রামে আসছে। তারা বিশেষভাবে সক্ষমদের নানা সংস্থায় কাজের সুযোগ করে দেয়। তারা ওইদিন আবেদনকারীদের নাম নথিভুক্ত ও প্রাথমিক ইন্টারভিউ নেবে। কাজের উপযোগী করতে প্রশিক্ষণও দেবে। যোগ্যতা অনুযায়ী ৩০-৩৫জনকে কাজের সুযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এছাড়া, হাত বা পা নেই এমন ৩০জন বিশেষভাবে সক্ষম পুরুষ ও মহিলাকে কৃত্রিম অঙ্গ দিয়ে সহায়তা করা হচ্ছে।
রথযাত্রা আয়োজক কমিটির কর্মকর্তা মিঠু মণ্ডল দাস বলেন, মেদিনীপুরের পাশাপাশি ঝাড়গ্রাম ও পুরুলিয়া থেকেও কৃত্রিম অঙ্গ সহায়তা শিবিরে বিশেষভাবে সক্ষমরা আসবেন। এই উন্নতমানের কৃত্রিম অঙ্গ নাড়াচাড়া করা যাবে। এছাড়া, চক্ষু পরীক্ষা শিবির হবে। সেখানে বিনামূল্যে চশমাও দেওয়া হবে।
বাড়বাসুদেবপুরের পূর্ণিমার রথ পুরীর রথের ধ্বজা, কাঠ, তিরুপতির পিতলের কারুকাজের মতো বিভিন্ন তীর্থস্থানের সামগ্রী দিয়ে তৈরি হয়েছে। রথের দেবতা বৃন্দাবনের ব্রজগোপাল ও নবদ্বীপের গৌরনিতাই। গ্রামবাসীদের উদ্যোগে বৃন্দাবনেও নরনারায়ণ ট্রাস্টের নতুন শাখা তৈরি হয়েছে। সেখানে ব্রজগোপাল আশ্রমে ২৭জুন থেকে ১০দিনের রথযাত্রা উৎসব হয়েছিল। হলদিয়ার পূর্ণিমার রথে বৃন্দাবনের সেই উৎসব শেষ হচ্ছে।বাড়বাসুদেবপুরের দাস পরিবারের প্রাঙ্গণ থেকে ২০ফুট উঁচু পিতলের রথ টেনে এক কিমি দূরে অম্বরীশ দাসের বাড়িতে নিয়ে যাওয়া হবে। রথযাত্রা উপলক্ষ্যে ওইদিন সকাল ৯টা থেকে ভাগবতপাঠ ও কীর্তনগান হবে। দুপুর ও সন্ধেয় প্রায় দু’হাজার ভক্তকে মহাপ্রসাদ বিতরণ করা হবে। -নিজস্ব চিত্র