Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জঙ্গিপুরে মিয়াপুর রেল ওভারব্রিজে সৌরবাতি অকেজো

জঙ্গিপুরে মিয়াপুর রেল ওভারব্রিজে সৌরবাতি অকেজো
  • ২৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, জঙ্গিপুর: লোকসভা ভোটের আগে মিয়াপুর রেল ওভারব্রিজে সৌরবাতি বসানো হয়েছিল। বহু প্রতীক্ষা শেষে আলোর ব্যবস্থা হওয়ায় এলাকার বাসিন্দারা খুশি হয়েছিলেন। কিন্তু ছ’মাস যেতে না যেতেই প্রায় সমস্ত বাতি অকেজো হয়ে পড়েছে। ওই সমস্ত বাতিস্তম্ভ বিপজ্জনকভাবে হেলেও গিয়েছে।
Advertisement
জঙ্গিপুর তথা রঘুনাথগঞ্জ শহরে ঢোকার জন্য এই রেল ওভারব্রিজ খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু দিনের আলো ফুরোতেই সেটি অন্ধকারে ডুবে যাচ্ছে। ব্যস্ত সেতুতে আলোর ব্যবস্থা না থাকায় এলাকার মানুষ দুর্ঘটনার আশঙ্কা করছেন। তাঁরা রেল ওভারব্রিজে পর্যাপ্ত সেতুর দাবি তুলেছেন। পূর্তদপ্তর সমস্যা মেটাতে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছে।
জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান বলেন, বিষয়টি কেউ আমার নজরে আনেনি। আমি সংশ্লিষ্ট দপ্তরে বলব, যাতে তাড়াতাড়ি সেখানে আলোর বন্দোবস্ত করা হয়।
জঙ্গিপুর রেলস্টেশনের কাছে মিয়াপুরে রেল ওভারব্রিজের দু’দিকে ২০টি সৌরবাতি বসানো হয়েছিল। এখন রাতে মাত্র দু’টি বাতি জ্বলে। বাকি ১৮টি জ্বলেই না। অনেক বাতিস্তম্ভ হেলে গিয়েছে। সেগুলি পড়ে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। সন্ধ্যা নামতেই এই ওভারব্রিজ অন্ধকারে ডুবে যায়। দিনেরবেলা কয়েকহাজার মানুষ ও ছোটবড় যান এখান দিয়ে যাতায়াত করে। রাতেও বহু পণ্যবাহী গাড়ি চলে। বিশেষ করে সাগরদিঘি পিডিসিএল তাপবিদ্যুৎকেন্দ্রে বহু বালিপাথর ও সিমেন্টের গাড়ি চলাচল করে। কিছুটা দূরেই ১২ নম্বর জাতীয় সড়ক চলে গিয়েছে। এখান দিয়ে বহু গাড়ি জাতীয় সড়কে গিয়ে ওঠে। ব্রিজের পাশে জঙ্গিপুর রেলস্টেশন। বহু মানুষ ট্রেন ধরতে স্টেশনে আসেন। এমন গুরুত্বপূর্ণ ও ব্যস্ত ব্রিজে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার দাবি উঠেছে। পূর্ত দপ্তরের এক আধিকারিক বলেন, সেতুতে আলোর বিষয়টি স্থানীয় প্রশাসনের দেখার কথা। স্থানীয় জনপ্রতিনিধিদের বিষয়টি জানাব।
সম্পর্কিত সংবাদ