Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জামালদহে ৫৬০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার, ধৃত পাচারকারী

জামালদহে ৫৬০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার, ধৃত পাচারকারী
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মেখলিগঞ্জ: মাঝেমধ্যেই সীমান্ত এলাকা থেকে হেরোইন এবং কাশির সিরাপ উদ্ধার করছে পুলিস ও বিএসএফ। এবার উদ্ধার হল কড়া মাদক হিসেবে জনপ্রিয় ইয়াবা ট্যাবলেট। একসঙ্গে ৫৬০টি ইয়াবা ট্যাবলেট সহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিস। 
Advertisement
রবিবার সকালে ঘটনাটি ঘটেছে, কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েত এলাকায়। পুলিস জানিয়েছে, ধৃতের নাম সোলেমান মিয়াঁ। ৪৬ বছরের সোলেমানের বাড়ি দিনহাটার বড়নাচিনায়। মেখলিগঞ্জ থানার পুলিস তার দেহে তল্লাশি চালিয়ে পলিথিনের দু’টি প্যাকেটে মোড়ানো অবস্থায় ইয়াবা ট্যাবলেটগুলি উদ্ধার করে। যার বাজারমূল্য প্রায় ১ লক্ষ ১২ হাজার টাকা। তল্লাশির সময়ে হাজির ছিলেন মেখলিগঞ্জের বিডিও অরিন্দম মণ্ডল, মেখলিগঞ্জ মহকুমা পুলিস আধিকারিক আশিস পি সুব্বা, মেখলিগঞ্জ থানার আইসি অভিজিৎ সরকার, ওসি মণিভূষণ সরকার। 
পুলিস জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে এদিন ওত পাতে পুলিস। সাফল্যও মেলে। জামালদহে মাদক সরবরাহ করতে এসেই ধরা পড়ে যায় ওই ব্যক্তি। সকালে জামালদহের আশ্রমপাড়ায় রাজ্য সড়ক থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। একটি ছোট চার চাকার গাড়িতে করে অভিযুক্ত ব্যক্তি মাথাভাঙা থেকে জামালদহের দিকে যাচ্ছিল। গাড়ি সহ সঙ্গী পালিয়ে গেলেও ওই ব্যক্তি পুলিসের হাতে ধরা পড়ে যায়। 
যদিও ধৃত ব্যক্তি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ পুরোপুরি অস্বীকার করে। তার দাবি, মিথ্যা মামলা দিয়ে তাকে ফাঁসানো হচ্ছে। কোচবিহারের পুলিস সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, ৫৬০টি ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হবে। 
সম্পর্কিত সংবাদ