নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: টাকা ধার নিয়ে ফেরত দিতে না পারায় জামাইকে খুনের চেষ্টার অভিযোগে শ্বশুর, কাকাশ্বশুর ও শ্যালককে গ্রেপ্তার করল গুড়গুড়িপাল থানার পুলিস। ধৃতদের নাম খোকন নায়েক, রতন নায়েক ও সুরেশ নায়েক। এই ঘটনায় জখম হয়েছেন জামাই সমর ঘোষ ও প্রতিবেশী এক যুবক। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, মণিদহ গ্রাম পঞ্চায়েতের এলাকার বাসিন্দা সমর ঘোষের বিয়ে হয় ডেবরা থানার বারাগড় এলাকায়। তিনি শ্বশুরবাড়ি থেকে ৫০ হাজার টাকা ধার নিয়েছিলেন। যা কয়েকদিন পরে ফেরত দেওয়ার কথা ছিল। কিন্তু ১৫ দিন হয়ে গেলেও টাকা ফেরত দিতে পারেনি জামাই। এরপর শ্বশুরবাড়ির তরফে জামাইকে কটূক্তি করা হয়। মঙ্গলবার রাতে টাকা চাইতে জামাইয়ের বাড়িতে যায় শ্বশুরবাড়ির লোকজন। কিন্তু তখন সমরবাবু ঘরে ছিলেন না। এরপর সমরবাবু বাড়ি ফিরে বিষয়টি জানতে পেরে শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে দেখা করতে যান। অভিযোগ সেই সময় তাঁকে ভোজালি দিয়ে আঘাত করে পালিয়ে যায় শ্বশুরবাড়ির সদস্যরা। সমরবাবুকে বাঁচাতে গিয়ে প্রতিবেশী এক যুবকও জখম হন। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন। অভিযোগের ভিত্তিতে শ্বশুরবাড়ির তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিস। গুড়গুড়িপাল থানার পুলিস জানিয়েছে, তদন্ত প্রক্রিয়া চলছে।



