Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জামগড়া গ্রামে আট বছর রাস্তা বেহাল, দ্রুত মেরামতের দাবি

জামগড়া গ্রামে আট বছর রাস্তা বেহাল, দ্রুত মেরামতের দাবি
  • ৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দুর্গাপুর: ‘রাস্তা নাকি নর্দমা’! দেখে বোঝার উপায় নেই।  দুর্গাপুর-ফরিদপুর ব্লকের জামগড়া গ্রামের প্রধান রাস্তার এমনই অবস্থা। দূষিত জল সর্বক্ষণ  বয়ে চলেছে রাস্তার ওপর দিয়ে। ওই জলের উপর দিয়েই পথচারীরা প্রায় ৮ বছর ধরে যাতায়াত করে চলেছেন বলে অভিযোগ। বেহাল রাস্তা খানাখন্দে ভরে গিয়েছে। এলাকায় নতুন নর্দমা ও রাস্তা সংস্কারের দাবিতে বারংবার সরব হয়েও কোনও সুরাহা হয়নি বলে গ্রামবাসীরা জানিয়েছেন। ভোগান্তির যাতায়াত ও অস্বাস্থ্যকর পরিবেশ থেকে মুক্তি পেতে গত লোকসভা নির্বাচনের আগে ভোট বয়কটের ডাক দিয়েছিলেন গ্রামবাসীরা। স্থানীয় প্রশাসন রাস্তা ও নর্দমা নির্মাণের উদ্যোগ নিলেও ইসিএলের আপত্তি থাকায় কাজ আর এগয়নি। যদিও পাণ্ডবেশ্বরের বিধায়ক সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্লকের প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে জামগড়া গ্রাম। প্রায় দু’হাজার পরিবারের বসবাস। দীর্ঘদিন ধরে রাস্তার ওপর দিয়ে জল বয়ে যাওয়ায় কংক্রিটের রাস্তাও বেহাল হয়ে গিয়েছে। যাতায়াতের কোনও স্বাচ্ছন্দ্য নেই বললেই চলে। রাস্তার জমা জলে হাঁস চড়ছে। মাছ ঘুরছে। রাস্তা সংস্কারের পাশাপাশি  নর্দমা নির্মাণের দাবিতে গত লোকসভা নির্বাচনে ভোট বয়কটের ডাক দিয়ে বিক্ষোভ দেখান এলাকাবাসী। এলাকার বাসিন্দা ধর্মদাস মুখোপাধ্যায় বলেন, ২০১৬ সালে এলাকার এই প্রধান রাস্তাটি কংক্রিটের করা হয়েছিল। কিন্তু জল নিকাশির জন্য কোনও নর্দমা করা হয়নি। নর্দমা না থাকায় এলাকার জলাশয় গুলির উপচে পড়া জল ও বহু বাড়ির দূষিত জল রাস্তার ওপর দিয়ে বয়ে চলে। ফলে রাস্তাটা নর্দমার রুপ নিয়েছে। ওই দূষিত জলের ওপর দিয়েই মানুষজন যাতায়াত করছেন। পুজো অর্চনার সময় মানুষজন ওই জলে পা’দিয়ে যাতায়াত করছেন ব্যাধ্য হয়ে। এই জলের ওপর দিয়েই ঠাকুর আনা হচ্ছে। আমরা চাই দ্রুত এই সমস্যার  সমাধান হোক।
অপর একজন বাসিন্দা সুমন রুইদাস বলেন, দূষিত জলের ওপর দিয়ে যাতায়াত আর চাইনা। দ্রুত নর্দমা নির্মাণ করে সমস্যার সমাধান করা হোক।গ্রাম পঞ্চায়েত প্রধান সিতারাম রুইদাস বলেন, ওই এলাকায় বড় আকারের একটি নর্দমা নির্মাণ করতে হবে। কিন্তু ওই নর্দমা নির্মাণ করতে বিপুল টাকা ব্যায় করতে হবে। সেই সাধ্য পঞ্চায়েতের নেই। পাণ্ডবেশ্বরের বিধায়ক সমস্যা সমাধান করবেন বলে আশ্বাস দিয়েছেন।
পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, রাস্তার বরাদ্দ হয়েছিল। কিন্ত ইসিএলের আপত্তি থাকায় হয়নি। আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ থেকে রাস্তা ও নর্দমা নির্মাণ করা হবে দ্রুত।
সম্পর্কিত সংবাদ