Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জলপাইগুড়িতে মাঠ নিয়ে সমস্যায় ডিএসএ  

জলপাইগুড়িতে মাঠ নিয়ে সমস্যায় ডিএসএ
 
  • ১২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: নিজস্ব মাঠ নেই জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ)। ফলে খেলাধুলো চালাতে গিয়ে চরম সমস্যায় পড়তে হচ্ছে তাদের। এনিয়ে জেলাশাসককে চিঠিও দিয়েছে তারা। প্রশাসনের তরফে আশ্বাস মিললেও সমস্যার সুরাহা কবে হবে, তা নিয়ে সংশয় রয়েছে ডিএসএ’র। শনিবার সংগঠনের সম্পাদক ভোলা মণ্ডল বলেন, নিজেদের মাঠ না থাকায় আমাদের খেলাধুলো চালাতে খুবই সমস্যায় পড়তে হচ্ছে। টাউন ক্লাব কিংবা জেওয়াইএমএ’র মাঠে আমরা খেলা চালাই। কিন্তু ক্লাব কর্তৃপক্ষ অন্যদের মাঠ ভাড়া দিয়ে দিলে আমাদের বাধ্য হয়ে খেলা বন্ধ করে দিতে হয়। মাঠের সমস্যার কারণে লিগের মতো গুরুত্বপূর্ণ খেলাও আমাদের মাঝপথে বন্ধ রাখতে হয়েছে। তাঁর দাবি, স্পোর্টস কমপ্লেক্সের মাঠ যা বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন নামে পরিচিত, সেখানে একসময় ডিএসএ’র আধিপত্য ছিল। পরবর্তীতে সেখানে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া (সাই) আসে। এনিয়ে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু আমরা বলছি, স্পোর্টস কমপ্লেক্সে সাই যে মাঠ ব্যবহার করছে, সেটি ছাড়াও জায়গা রয়েছে। জেলার খেলাধুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে ওই জায়গা আমাদের দেওয়া হোক। যদিও জলপাইগুড়ি সাই-এর ইনচার্জ ওয়াসিম আহমেদ বলেছেন, রাজ্য সরকারের তরফে জলপাইগুড়ি স্পোর্টস কমপ্লেক্স আমাদের দেওয়া হয়েছে। এবার আমার কাছে যেমন নির্দেশ আসবে, তেমনটাই হবে।   
Advertisement
সম্পর্কিত সংবাদ