সংবাদদাতা, ডোমকল: শনিবার সকালে বাড়ির কাছেই রাস্তার ধারে থাকা মাচা থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। মৃতের নাম হান্নান শেখ(৪০)। তাঁর বাড়ি জলঙ্গির দক্ষিণ ঘোষপাড়ায়। ওই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পেশায় দিনমজুর হান্নান সাহেবকে খুন করা হয়েছে বলে স্থানীয়রা সরব হন। কিন্তু শনিবার সন্ধ্যা পর্যন্ত মৃতের পরিবারের তরফে কারও নামে জলঙ্গি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিস। মৃতের পরিবারের দাবি, হান্নান সাহেব দিনমজুরের কাজ করতেন। শুক্রবার বিকেলে তিনি বাড়ি থেকে বন্ধুদের সঙ্গে বেরিয়ে যান। এরপরে আর রাতে ঘরে ফেরেননি। শনিবার সকালে রাস্তার পাশে একটি মাচার ওপর হান্নান সাহেবকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে লোকজন। খবর পৌঁছায় মৃতের বাড়িতে। পরিবারের সদস্যরা সেখানে গিয়ে হাজির হন। খবর পেয়ে পুলিস গিয়ে হান্নান সাহেবের মৃতদেহ উদ্ধার করে। পরে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহটি ময়নাতদন্তে পাঠায় পুলিস।
Advertisement
মৃতের দাদা কাশিম শেখ বলেন, খুব সকালে আমাকে এসে একজন জানায় আমার ভাই মারা গিয়েছে। ভাইয়ের টাকা পয়সা নিয়ে একটা ঝামেলা ছিল। ওই শত্রুতার কারণে ভাইকে কেউ মেরে ফেলল কিনা তা বুঝতে পারছি না। যাদের সঙ্গে ও চলাফেরা করত তারা কেউ বাড়িতে নেই। মৃতের আত্মীয় মন্টু মণ্ডল বলেন, হান্নান মাঝেমধ্যেই বন্ধুদের সঙ্গে বাড়ির বাইরে যেত। নেশা করে যেখানে সেখানে পড়ে থাকত। শুক্রবারও বন্ধুদের সঙ্গে গিয়েছিল। কিন্তু আর বাড়ি ফেরেনি। পরে মৃত্যুর খবর পাই। ওর সঙ্গে যারা থাকত তারা এলাকা থেকে পালিয়ে গিয়েছে। পুলিস তদন্ত করে দেখুক।



