Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জল সমস্যা মেটাতে ৬৫টি ট্যাঙ্ক পুরসভার

জল সমস্যা মেটাতে ৬৫টি ট্যাঙ্ক পুরসভার
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: দু’দিন কার্যত নির্জলা থাকবে শিলিগুড়ি। আজ, শুক্রবার থেকে আগামীকাল শনিবার পর্যন্ত বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ হবে না। পরিস্থিতির মোকাবিলায় ঝাঁপিয়েছে পুরসভা। বৃহস্পতিবার তারা আরও পাঁচটি নতুন ট্যাঙ্ক নামায়। এনিয়ে তাদের ট্যাঙ্কের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০টি। এছাড়াও পিএইচই থেকে পাওয়া গিয়েছে পাঁচটি ট্যাঙ্ক। শুধু তাই নয়, নাগরিকদের দুর্ভোগ এড়াতে তারা ইঞ্জিনিয়ারদের নিয়ে গড়েছে মনিটরিং টিম। বরো ভিত্তিক পাঠানো হচ্ছে জলের পাউচ। 
Advertisement
এদিন পুরসভায় সবুজ ঝান্ডা নাড়িয়ে নতুন ট্যাঙ্কারগুলির যাত্রার সূচনা করেন মেয়র গৌতম দেব। অনুষ্ঠানে ডেপুটি মেয়র রঞ্জন সরকার, জল সরবরাহ বিভাগের মেয়র পরিষদ সদস্য দুলাল দত্ত সহ অন্যান্য সদস্য ও আধিকারিকরা ছিলেন। মেয়র বলেন, শহরে পানীয় জল সরবরাহ করতে ওই পাঁচটি ট্যাঙ্ক কেনা হয়েছে। সেগুলি স্টেইনলেস স্টিলের। ট্যাঙ্কগুলি তিন হাজার লিটারের। সেগুলি কিনতে খরচ হয়েছে ১০ লক্ষ ৬৭ হাজার ২৪০ টাকা। 
এনিয়ে পুরসভায় ট্যাঙ্কের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০টি। যারমধ্যে দুই হাজার লিটারের ৩৫টি এবং তিন হাজার লিটারের ২৫টি  ট্যাঙ্ক। আজ ও কাল সেগুলি শহরের ৪৭টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে জল সরবরাহ করবে। পুরসভার জল সরবরাহ বিভাগের মেয়র পরিষদ সদস্য বলেন, জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের কাছ থেকে মিলছে আরও পাঁচটি ট্যাঙ্ক। সেগুলি পাঁচ হাজার লিটারের। 
কয়েকদিন আগে দার্জিলিংয়ের একটি অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি শিলিগুড়ির জল প্রকল্পের বিকল্প ইনটেক ওয়েলের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংশ্লিষ্ট ইনটেক ওয়েল ফুলবাড়িতে। সেখানেই জল প্রকল্পের ট্রিটমেন্ট প্লান্ট। আজ থেকে পাইপের মাধ্যমে সেই প্লান্টের সংযোগ করার কাজ শুরু হবে। তা করবে পিএইচই। কাজ চলবে শনিবার পর্যন্ত। এজন্যই দু’দিন শহরে জল সবরাহ হবে না। 
পুরসভার এমন ঘোষণা শোনার পরই দুশ্চিন্তায় পড়েছেন নাগরিকরা। এদিন শহরের মহাকালপল্লি, দশরথপল্লি, গঙ্গানগর, সন্তোষীনগর প্রভৃতি এলাকায় রাস্তার কল থেকে জল সংগ্রহ করতে বাসিন্দাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা বলেন, দু’দিন জল না এলে চরম দুর্ভোগ পোহাতে হবে। তাই অতিরিক্ত জল মজুত রাখা হচ্ছে। আবার কেউ বলেন, বাজার থেকে দু’দিনের জন্য খাবার জল কিনে রাখছি। 
বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত শহরে জল সরবাহ করে পুরসভা। জল সরবরাহ বিভাগের মেয়র পরিষদ সদস্য বলেন, পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত রয়েছি। ইতিমধ্যে এক লক্ষ পাউচ জল পাঁচটি বরোতে ভাগ করে পাঠানো হয়েছে। আরও এক লক্ষ পাউচ পাঠানো হবে। পরিস্থিতি সামাল দিতে ইঞ্জিনিয়ারদের নিয়ে মনিটরিং টিমও গঠন করা হয়েছে। জলের নতুন ট্যাঙ্কের উদ্বোধন গৌতম দেবের। - নিজস্ব চিত্র।
সম্পর্কিত সংবাদ