সংবাদদাতা, বালুরঘাট: দুই গোষ্ঠীর বিবাদের জেরে দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থায় অচলাবস্থা। অভিযোগ উঠছে, সমস্যা মেটাতে জেলাশাসক ২৮ নভেম্বর আলোচনা করার নির্দেশ দিলেও তার আগে বৈঠক করল একটি গোষ্ঠী। সেবিষয়ে জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন সম্পাদক। অভিযোগ, জেলার ক্রীড়া সংগঠনগুলিকে অন্ধকারে রেখে শুধুমাত্র ক্ষমতা দখল করতে সভা ডেকে কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। তা নিয়ে জেলাশাসক ও মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানো হয়েছিল। বিষয়টি প্রকাশ্যে আসতেই ১৯ নভেম্বর জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক অমিতাভ ঘোষকে ২৮ নভেম্বর বৈঠক ডেকে সমস্যা মেটাতে নির্দেশ দেন সভাপতি তথা জেলাশাসক বিজিন কৃষ্ণ। এখন অভিযোগ উঠছে, কাউকে না জানিয়ে সংস্থার সদস্য বিপ্লব দেবের নেতৃত্বে গত ২৬ নভেম্বর জরুরি সভা ডাকা হয়। ওই বৈঠকে ২২ সদস্যের কার্যকরী কমিটির মধ্যে মাত্র ১০ জন উপস্থিত ছিলেন। সেই বৈঠক অবৈধ বলে দাবি করেই জেলাশাসককে চিঠি দিয়েছেন অমিতাভ। জেলা প্রশাসনের পদক্ষেপের উপরই নির্ভর করছে ক্রীড়া সংস্থার ভবিষ্যৎ কোন পথে এগবে। অমিতাভ বলেন, জেলাশাসককে চিঠি দিয়ে অনুপস্থিত সদস্যদের মোবাইল লোকেশন যাচাই করে তদন্ত করার দাবি জানিয়েছি। সভার বৈধতা এবং কমিটি গঠনের প্রক্রিয়ায় অসঙ্গতি রয়েছে। উল্টোদিকে বিপ্লবের দাবি, নিয়ম মেনেই সভা পরিচালনা করা হয়েছে।
Advertisement
সিংহ ইন্ডিয়ান ক্রিকেট অ্যাকাডেমির সভাপতি শুভ ঘোষ বলেন, সভা আয়োজনের মাধ্যমে একতরফা ক্ষমতা দখলের চেষ্টা চলছে। অনেক ক্রীড়া সংগঠন ক্ষমতার অপব্যবহার বন্ধ করার জন্য প্রশাসনের কাছে দাবিও জানিয়েছে। কয়েকজনের স্বার্থরক্ষা করতে এই সভা ডাকা হয়েছিল বলে মনে হচ্ছে।



