নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ডিভিসির ছাড়া জলে ভাসল হুগলির মহানাদের বিঘের পর বিঘে জমি। যার জেরে আলুর ফলন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে ডিভিসির জল মহানাদের মেঘসার মৌজায় বাঁধ ভেঙে ঢুকে পড়ে। রাতে বিষয়টি কৃষকরা বুঝতে পারেননি। সকালে মাঠে গিয়ে তাঁরা দেখতে পান, ফসল জলের তলায় চলে গিয়েছে। এরপরই দ্রুত জেলার কৃষিদপ্তর ময়দানে নামে। পাম্প চালিয়ে জল বের করার কাজ শুরু হয়। তাতে পরিস্থিতি অনেকটা সামাল দেওয়া গিয়েছে বলে কৃষিদপ্তর দাবি করেছে।
Advertisement
যদিও কৃষকদের দাবি, ফসল সারারাত জলের তলায় ছিল। তাতে ক্ষতি হয়েছে যথেষ্ট। এলাকায় মূলত আলু ও সামান্য সরষে চাষ হয়েছিল। দু’টি ক্ষেত্রেই অতিরিক্ত জল ক্ষতিকারক। কৃষকদের আরও দাবি, মহানাদের মেঘসার মৌজার অন্তত ১০০ বিঘে জমির ফসল ক্ষতিগ্রস্ত হবে। কৃষকদের দাবির সঙ্গে সহমত পোষণ করেছেন হুগলি জেলা পরিষদের প্রাক্তন কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী। তিনি বলেন, গতবছরই ওই খাল সংস্কার করা হয়েছিল। ফলে জলের প্রবাহ প্রবল ছিল। তাতেই বাঁধ ভেঙেছে।



