নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: বৃহস্পতিবার কোচবিহার বইমেলার ছিল চতুর্থ দিন। হাতে আর মাত্র তিন দিন বাকি। কিন্তু এখনও জমে ওঠেনি রাসমেলা ময়দানের কোচবিহার জেলা বইমেলা। বহু স্টলেই তেমন বিক্রি নেই। প্রকাশকদের মনে এনিয়ে হতাশা ও ক্ষোভ জমেছে। দিনভর বসে থেকে টুকটাক বিক্রি করেই সময় পার করতে হচ্ছে। মঞ্চে অনবরত অনুষ্ঠান চলছে। কিছু মানুষ সেখানে বসে শুনছেন বটে তবে অধিকাংশ চেয়ার ফাঁকাই পড়ে থাকছে। বড়, মাঝারি ও ছোট সব স্টলেই গতবারের থেকে এবার এদিন পর্যন্ত বিক্রি কম। এক প্রকাশককে সন্ধ্যায় বলতে শোনা গেল দুপুর ১টা থেকে বসে রয়েছি, এখনও পর্যন্ত একটি বইও বিক্রি হয়নি।
Advertisement
কলকাতা থেকে কোচবিহার বইমেলায় আসা প্রকাশক জয়জিৎ মুখোপাধ্যায় বলেন, ভালো বিক্রির আশা নিয়ে এসেছিলাম। কিন্তু বিক্রি তেমন নেই। হাতে আর মাত্র ক’টা দিন। এই ক’দিনে আর কতটা বিক্রি হবে? মালদহ থেকে আসা এক তরুণ প্রকাশক বলেন, এবার বইমেলায় বিক্রির অবস্থা খুবই খারাপ। এনবিএসটিসি’র চেয়ারম্যান তথা লোকাল লাইব্রেরি অথরিটির সদস্য পার্থপ্রতিম রায় বলেন, প্রশাসনের সঙ্গে কথা বলেছি যাতে বইমেলায় সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শামিল করা যায়। সকলেই যাতে বই কেনে তা বলা হচ্ছে।



