Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জাল আধার: জলপাইগুড়ি ও হলদিবাড়ি থেকে ধৃত আরও ২

জাল আধার: জলপাইগুড়ি ও হলদিবাড়ি থেকে ধৃত আরও ২
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, নকশালবাড়ি: জাল আধার কার্ড কাণ্ডে আরও দু’জনকে পাকড়াও করল খড়িবাড়ি থানার পুলিস। সোমবার সন্ধ্যায় তারা জলপাইগুড়ি ও হলদিবাড়িতে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে। এনিয়ে এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়েছে তিনজন। এই চক্রের সঙ্গে আন্তর্জাতিক সিন্ডিকেটের সংস্রব রয়েছে বলে খবর। এজন্য ঘটনাটি নিয়ে খোঁজখবর শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দারা। ইতিমধ্যে বিষয়টি নিয়ে একাংশ এনআইএ তদন্তের দাবিও তুলেছেন। কার্শিয়াংয়ের অতিরিক্ত পুলিস সুপার অভিষেক রায় বলেন, জাল আধার কার্ড চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওই দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেনা বাহিনীর সঙ্গে যৌথভাবে শুক্রবার নেপাল সীমান্তবর্তী পানিট্যাঙ্কিতে অভিযান চালিয়ে আধার কার্ড জালিয়াতি চক্রের হদিশ পায় খড়িবাড়ি থানার পুলিস। ওই দিন তারা সোনাই সরকার নামে একজনকে গ্রেপ্তার করে। ধৃতের দেওয়া তথ্য অনুসারে এদিন সন্ধ্যায় জলপাইগুড়ি ও হলদিবাড়িতে অভিযান চালায় পুলিস। তারা জলপাইগুড়ি থেকে অজয় প্রসাদ ও হলদিবাড়ি থেকে প্রদীপ রায়কে গ্রেপ্তার করেছে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ