সংবাদদাতা, বোলপুর: বিধায়ক জীবনকৃষ্ণ সাহা সম্পর্কে ফের বিস্ফোরক তথ্য সামনে এল। নানুরের দেবগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক কমলকৃষ্ণ ঘোষ বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, বিধায়ক হওয়ার পর থেকে জীবনকৃষ্ণ সাধারণত সপ্তাহে মাত্র দু’দিন স্কুলে আসতেন। অনেক সময় তা তিন দিনে পৌঁছালেও গত প্রায় দুই সপ্তাহ ধরে তিনি একেবারেই স্কুলে আসেননি বলে অভিযোগ তাঁর।
প্রধানশিক্ষক আরও বলেন, হাজিরা খাতায় উপস্থিত না থাকলে যেন সই না করেন—এমন সতর্কবার্তাও জীবনকৃষ্ণকে তিনি দিয়েছিলেন। বিধায়ক হওয়ার আগে অবশ্য জীবনকৃষ্ণ স্কুলে যথেষ্ট সময় দিতেন ও দায়িত্বশীলতার পরিচয় দিতেন বলেও জানান তিনি। তবে রাজনীতির দায়িত্ব সামলাতে গিয়ে পরবর্তীকালে স্কুলে সময় দিতে পারেননি। প্রধানশিক্ষকের মতে, সহকর্মী হিসেবে জীবনকৃষ্ণ সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখেছিলেন। বিধায়ক হওয়ার আগেই তিনি চারচাকা গাড়ি নিয়ে স্কুলে আসতেন, যা থেকে তাঁর পারিবারিক অবস্থার সচ্ছলতার ইঙ্গিত মেলে। এই ঘটনায় তার চাকরি জীবন নিয়েও টানাপোড়েন বাড়ল এমনটাই মনে করছেন অনেকে।