সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপ পুরসভার উদ্যোগে প্রতাপনগর রাধাকৃষ্ণ পুজো কমিটির পরিচালনায় শুরু হল ঝুলন মেলা। সোমবার সকালে রাধাকৃষ্ণের বিগ্রহে মাল্যদানের মাধ্যমে এই মেলার সূচনা করেন নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শচীন্দ্র বসাক, নবদ্বীপ জন্মস্থান মন্দিরের অধ্যক্ষ অদ্বৈত দাস বাবাজি মহারাজ সহ পুরসভার অন্যান্য কাউন্সিলাররা। এদিন মেলা কমিটির তরফে দুই শতাধিক অশীতিপর প্রবীণ নাগরিককে সংবর্ধনা দেওয়া হয়। এই মেলা ১০ আগস্ট রবিবার পর্যন্ত চলবে।
মেলাকে কেন্দ্র করে প্রতিদিন সন্ধ্যায় ভাগবত পাঠ, কীর্তন, নৃত্যানুষ্ঠান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া অনুষ্ঠিত হবে লোক সঙ্গীত, বাউল, পদাবলী, কীর্তন, নাটক। সেইসঙ্গে থাকবে অঙ্কন, আবৃত্তি ও ক্যুইজ প্রতিযোগিতা। ৫ আগস্ট ও ৭ আগস্ট টিভি সিরিয়ালের দুই অভিনেত্রী থাকবেন। ৮ আগস্ট অনুষ্ঠিত হবে নাটক, ৯ আগস্ট শনিবার সকালে রাখি বন্ধন উদযাপন হবে। ওইদিন রাতে অনুষ্ঠিত হবে সঙ্গীতানুষ্ঠান। ১০ আগস্ট রবিবার যাত্রানুষ্ঠান হবে।
এই ঝুলন মেলার সবচেয়ে বড় আকর্ষণ ‘মানুষ ঝুলন’। যার নাম দেওয়া হয়েছে দৃশ্যায়ন। রামায়ণ ও মহাভারতের বিভিন্ন কাহিনি অবলম্বনে বিভিন্ন দৃশ্য তুলে ধরা হয়। অল্প বয়সের ছেলে-মেয়েরা নানা সাজে সেজে দর্শকদের মনোরঞ্জন করে। ঝুলন মেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ঝন্টুলাল দাস বলেন, ঝুলন উৎসবের উদ্বোধনের দিনে মহিষাসুরমর্দিনী কাহিনি তুলে ধরা হয়। পরবর্তী দিনগুলিতে বিভিন্ন রকম দৃশ্য তুলে ধরা হবে। এই উৎসবকে কেন্দ্র করে মেলাও বসেছে।
মেলা কমিটি যুগ্ম সম্পাদক ইন্দ্রজিৎ চক্রবর্তী ও সুব্রত সাহা বলেন, এই মেলায় শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা, মিকি মাউস, ওয়াটার গেম সহ আকর্ষণীয় নানা উপকরণ থাকছে।
পাশাপাশি মঙ্গলবার থেকে শুরু হল নবদ্বীপের বিভিন্ন মঠ মন্দিরে ঝুলন উৎসব। এই উৎসব চলবে পূর্ণিমার দিন পর্যন্ত।