নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হরেকরকম পুতুল, নানা ধরনের মডেল ও নানা রঙের কাঠের গুঁড়ো দিয়ে শহরের বিভিন্ন প্রান্তে সেজে উঠেছে ঝুলন। কলকাতা ও শহরতলির একাধিক রাধা‑কৃষ্ণ মন্দির সাজিয়ে তোলা হয়েছে। কোথাও বাড়ির শিশুরা পুতুল জড়ো করে ও গাছপালা দিয়ে সাজিয়েছে ঝুলন। সোমবার কয়েকটি মন্দিরে গিয়ে দেখা গিয়েছে, ঝুলন উপলক্ষ্যে দোলনায় দুলছেন রাধা‑কৃষ্ণ। ফুল মালা, অলঙ্কার, ঝলমলে পোশাকে সাজিয়ে তোলা হয়েছে মূর্তি। বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছে রাধা‑কৃষ্ণের যুগল মূর্তি দর্শন করতে।
বাগবাজার রামকান্ত বোস স্ট্রিটে নব‑বৃন্দাবনে গিয়ে দেখা যায়, সেখানে ঝুলন পূর্ণিমা উপলক্ষ্যে সাজিয়ে তোলা হয়েছে পুতুলের সুন্দর প্রদর্শনী। মূল মন্দিরে দোলনায় দুলছেন রাধা‑কৃষ্ণ। কাশীপুর রতনবাবু রোডে রাসবাটিতে ঝুলন পূর্ণিমা উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিদিন রাসবাটির নাটমন্দিরে সন্ধ্যায় ভক্তদের দর্শন দিচ্ছেন রাধা‑কৃষ্ণ। মন্দিরের সেবায়েত তুষার দে সোমবার জানান, ঝুলন উপলক্ষ্যে বিশেষ দোলনায় দোলেন গোপীনাথ (এই বাড়ির কৃষ্ণের নাম)। তিনি নাটমন্দিরে উপস্থিত হয়ে ভক্তদের পুজো নেন ও তাঁদের দর্শন দিয়ে থাকেন। কেউ কেউ কেজি কেজি বাতাসা লুট দিয়ে থাকেন। অনুষ্ঠিত হয় নামগান। কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে এই ইতিহাসপ্রসিদ্ধ বাড়িতে ঠাকুর দর্শন করতে। ঝুলন উপলক্ষ্যে ভক্তদের মধ্যে বিতরণ করা হয় প্রসাদ। সেই তালিকায় থাকে মিষ্টি, ফল, মালপোয়া, জিলিপি প্রভৃতি। ওই বাড়ির গৃহবধূ গোধূলি দে জানান, ঝুলন উপলক্ষ্যে একেকদিন একেকরকম পোশাক পরানো হয় রাধা‑কৃষ্ণকে। নানা ধরনের সুগন্ধি ও ফুল অর্পণ করা হয় রাধা‑কৃষ্ণের চরণে। বাগবাজার গৌড়ীয় মঠেও ঝুলনযাত্রা উপলক্ষ্যে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই তালিকায় থাকে নাম‑গান, রাধা‑কৃষ্ণ বন্দনা, দোলনায় রাধা‑কৃষ্ণ মূর্তি দোলানো প্রভৃতি। এছাড়াও শহরের বিভিন্ন রাধা গোবিন্দের মন্দির ঝুলন উপলক্ষ্যে সাজিয়ে তোলা হয়েছে আলোর মালায়।