Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ঝাড়গ্রাম শহরে ভাড়াটিয়াদের বিষয়ে তথ্য সংগ্রহ করবে পুরসভা

ঝাড়গ্রাম শহরে ভাড়াটিয়াদের বিষয়ে তথ্য সংগ্রহ করবে পুরসভা
  • ২৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রাম শহরের জনসংখ্যা দিন দিন বাড়ছে। বহু মানুষ কর্মসূত্রে জেলা শহরে এসে থাকছেন। আশপাশের গ্রামের বহু মানুষ শহরে এসে বাড়ি ভাড়া নিচ্ছে। এই পরিস্থিতিতে শহরে নাগরিক নিরাপত্তা সুনিশ্চিত করতে পুরসভা ভাড়াটিয়াদের বিষয়ে তথ্য সংগ্রহ করবে। এজন্য মাইকিং করে প্রতিটি ওয়ার্ডে প্রচার চালানো হবে।
Advertisement
পুরসভার চেয়ারপার্সন কবিতা ঘোষ বলেন, ঝাড়গ্রাম থানার সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়েছে। শহরে কত ভাড়াটিয়া আছে, সেবিষয়ে এবার তথ্য সংগ্রহ করা হবে। বাড়ির মালিকরা যাতে ভাড়াটিয়াদের বিষয়ে পুরসভায় তথ্য জমা দেয়-তা নিয়েও প্রচার চালানো হবে।
ঝাড়গ্রাম শহরে এখন জনসংখ্যা প্রায় ৮০হাজার। ৭০বছর আগে এই শহরের জনসংখ্যা ছিল সাত-আটহাজার। অতীতের গঞ্জ শহর থেকে এখন ঝা চকচকে চেহারা নিয়েছে ঝাড়গ্রাম। ২০১৭ সালে ঝাড়গ্রাম জেলা গঠনের পর থেকে এই শহরের চেহারা বদলাতে শুরু করে। নতুন অফিস, আবাসন গড়ে উঠেছে। বাইরে থেকে অনেক মানুষ কাজের সূত্রে শহরে আসছেন। সেজন্য কয়েকবছরে বাড়ি ভাড়ার চাহিদাও বেড়েছে। এলাকার বাসিন্দাদের অনেকেই ঘরভাড়া দিচ্ছেন। অভিযোগ, অনেক ক্ষেত্রে বাড়ি ভাড়া দেওয়ার নিয়মকানুন সঠিকভাবে মানা হচ্ছে না। ভাড়াটিয়াদের বিষয়ে তথ্য যাচাইয়ে ঘাটতি থেকে যাচ্ছে। শহরে কত ভাড়াটিয়া রয়েছে, সেবিষয়ে পুরসভার কাছে সঠিক তথ্য নেই। পুলিসের কাছেও এবিষয়ে কোনও তথ্য থাকছে না। বিভিন্ন হোটেল, রিসর্ট, হোমস্টে, লজের মালিকদের পর্যটক থাকার তথ্য থানায় জানাতে হয়। কিন্তু, ভাড়াটিয়াদের ক্ষেত্রে সেই নিয়ম মানা হচ্ছে না।
শহরের বাসিন্দা সঞ্জয় কর্মকার বলেন, শহরে অচেনা মুখের সংখ্যা বেড়ে গিয়েছে। পুলিসি নজরদারি সত্ত্বেও শহরে চুরি, ছিনতাই বাড়ছে, যা যথেষ্ট উদ্বেগজনক।
ঝাড়গাম থানার এক আধিকারিক বলেন, শহরে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ নিয়ে পুরসভার আধিকারিকদের সঙ্গে আলোচনা হয়েছে। পুরসভা এবিষয়ে উদ্যোগী হচ্ছে। শহরের বাসিন্দাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে যা যা করণীয়-পুলিস তা করছে।
সম্পর্কিত সংবাদ