নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চুরি যাওয়া মোবাইল পৌঁছে গিয়েছিল বাংলাদেশের রাজশাহীতে। এটা আশ্চর্যজনক কোনও ঘটনা নয়, বলছেন তদন্তকারীরা। তাঁদের দাবি, মোবাইল চুরির জন্য রীতিমতো প্রশিক্ষণ দেওয়া হয়। একসময় কুলটির চিনাকুড়ি ছিল প্রশিক্ষণকেন্দ্র। লাগাতার অভিযান চালানোয় সেইসব ট্রেনিং সেন্টার অনেকটাই বন্ধ হয়েছে। এখন ‘মাস্টার’রা আসছে ঝাড়খণ্ড থেকে। টাকা অনুযায়ী তারা ডিগ্রি দিচ্ছে। সব থেকে চড়া রেট ‘পিএইচডি’র। হাতে কলমে প্রশিক্ষণ দিতে ১০-১৫হাজার টাকা ‘ফি’ নিচ্ছে তারা। ভিড় বাস বা হাসপাতালের আউটডোরের লাইনে নিয়ে গিয়ে পকেট থেকে নিমেষের মধ্যে মোবাইল চুরির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে শিকার চেনানো হয়। কার হাতে কত দামি মোবাইল রয়েছে তা লক্ষ্য করতে বলা হয়। আইফোন বা এক লক্ষ টাকা দামের কোনো ফোন হলে সেটি চুরি করে বাংলাদেশ পাঠানো হয়। সেখান থেকে মোবাইল উদ্ধার করে আনা অসম্ভব। যদিও রাজশাহীর ওই বাসিন্দা চোরাই ফোন কিনে বিপদে পড়েন। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চুরি যাওয়া মোবাইলটি তিনি রাজশাহীর একটি দোকানে কিনেছিলেন। কলকাতায় চিকিৎসা করতে এসে ওই মোবাইলে সিম সক্রিয় করতেই তিনি সমস্যায় পড়েন। বর্ধমান থানার পুলিশ মোবাইলের টাওয়ার লোকেশন জেনে তাঁকে ফোন করে। তিনি অবশ্য ঝুঁকি না নিয়ে ফোন ফেরত দিয়ে যান। পুলিশ জানতে পেরেছে, এক লক্ষ টাকার দামি ফোন দুষ্কৃতীরা বাংলাদেশে ১৫-২০ হাজার টাকায় বিক্রি করে। দোকানে তা দ্বিগুণ দামে বিক্রি হয়। ঝাড়খণ্ডের একটি গ্যাং এই চুরি চক্রের সঙ্গে যুক্ত। তারা মুর্শিদাবাদ এবং মালদহের সীমান্ত হয়ে চোরাই মোবাইল বাংলাদেশে পাঠায়।
এক আধিকারিক বলেন, ঝাড়খণ্ডের চোরেরা কমদামি মোবাইল সাইবার অপরাধীদের বিক্রি করে। তারা অ্যাকাউন্ট সাফ করার কাজে ব্যবহার করে। ওটিপি নম্বর দিয়ে তারা টাকা তোলে। মোবাইল চুরি যাওয়ার কিছুক্ষণের মধ্যেই থানায় জানানো উচিত। দুষ্কৃতীরা চুরির পর মোবাইল সঙ্গে সঙ্গে বন্ধ করে দেয়। কিন্তু কখনও তারা সেটি অন করলেই লোকেশন পাওয়া সম্ভব হয়। একসময় চিনাকুড়ির গ্যাং এরাজ্যের বিভিন্ন জেলায় দাপিয়ে বেড়াত। এখন অবশ্য বিভিন্ন এলাকাতেই ছোট ছোট গ্যাং তৈরি হয়েছে। যদিও পুলিশের মাথাব্যথা ঝাড়খণ্ড গ্যাং নিয়েই।



