Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জিয়াগঞ্জে হাফ কুইন্টাল গাঁজা সহ গ্রেপ্তার ১

জিয়াগঞ্জে হাফ কুইন্টাল গাঁজা সহ গ্রেপ্তার ১
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, লালবাগ: রঙের বালতিতে গাঁজা লুকিয়ে রেখেও শেষরক্ষা হল না। জিয়াগঞ্জে পুলিসের অভিযানে পর্দাফাঁস হল মাদক কারবারির। বুধবার বিকেলে জিয়াগঞ্জ থানার আমুইপাড়া ৩ নম্বর বাগডহর কলোনির একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিস ৫২ কেজি গাঁজা সহ এক কারবারিকে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম নিরঞ্জন সরকার। বৃহস্পতিবার ওই কারবারিকে ১০দিনের পুলিস হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ মহকুমা আদালতে তোলা হয়। বিচারক পাঁচ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। লালবাগ মহকুমা পুলিস আধিকারিক আকুলকর রাকেশ মহাদেব বলেন, ওই কারবারির বাড়ি থেকে ৫২ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত গাঁজার বাজারমূল্য তিন লক্ষাধিক টাকা। ধৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, সে দীর্ঘদিন মাদক কারবারের সঙ্গে যুক্ত। মাদক কারবারে তার সঙ্গে আরও একজন যুক্ত রয়েছে। মাদক কারবার সংক্রান্ত আরও তথ্য জানতে জিজ্ঞাসাবাদের জন্য ধৃতকে হেফাজতে নেওয়া হয়েছে। জিয়াগঞ্জ থানার পুলিস জানিয়েছে, খবর ছিল আমুইপাড়া ৩ নম্বর বাগডহর কলোনির বাসিন্দা নিরঞ্জন সরকারের বাড়িতে প্রচুর পরিমাণে গাঁজা মজুত রয়েছে। খবর পাওয়ার পর গত কয়েকদিন ধরে ওই ব্যক্তির গতিবিধির নজর রাখা হচ্ছিল। অবশেষে গাঁজা মজুত রাখার খবর নিশ্চিত হতেই বুধবার বিকেলে আমুইপাড়া ৩ নম্বর বাগডহর কলোনির বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। সেই সময় একটি ঘর থেকে ৫২ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়। ওই কারবারি সম্প্রতি উত্তরবঙ্গ থেকে গাঁজা নিয়ে এসে বাড়িতে মজুত করেছিল বলে জানা গিয়েছে। সুযোগ বুঝে জেলার বিভিন্ন প্রান্তের কারবারিদের হাত বদল করার পরিকল্পনা ছিল। জিয়াগঞ্জ থানার এক পুলিস আধিকারিক বলেন, ওই বাড়ির একটি ঘরে পাঁচটি রঙের বালতিতে গাঁজা মজুত রাখা ছিল। তবে পুলিস অভিযানের আগেই মাদক কারবারের মূল পাণ্ডা চম্পট দেয়। তার খোঁজে তল্লাশি চলছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ