সংবাদদাতা, লালবাগ: শনিবার রাতে জিয়াগঞ্জ শহরের ভবঘুরে আবাসনের এক আবাসিকের মৃত্যু হয়। রবিবার জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও অন্যান্য কাউন্সিলারদের উপস্থিতিতে জিয়াগঞ্জ শ্মশানে ওই আবাসিকের দেহ সৎকার করা হয়। পরবর্তীতে পুরসভার পক্ষ থেকে সমস্ত পারলৌকিক কর্ম করা হবে বলেও জানা গিয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, পাঁচ বছর আগে নৈহাটির বাসিন্দা উজ্জ্বল রায় নামে ওই বৃদ্ধের জিয়াগঞ্জের ভরঘুরে আবাসনে ঠাঁই হয়। তারপর থেকে তিনি ওখানেই থাকতেন। কিছুদিন আগে বার্ধক্যজনিত কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসায় কিছুটা সুস্থ হয়ে ওঠেন। দু’দিন আগে আবার অসুস্থ হয়ে পড়লে তাঁকে জিয়াগঞ্জ গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাতে হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ বলেন, অসুস্থ হওয়ার পর বাড়ির লোকজনকে ফোন করা হয়। কিন্তু কেউ দেখতে আসেননি। পুরসভার পক্ষ থেকে সৎকার করা হয়েছে। পরবর্তীতে পুরসভার পক্ষ থেকে পারলৌকিক ক্রিয়াকর্মও করা হবে।



