Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জগদ্ধাত্রী পুজো ঘিরে উৎসব মুখর আরামবাগের কাপশীট

জগদ্ধাত্রী পুজো ঘিরে উৎসব মুখর আরামবাগের কাপশীট
  • ৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
রামকুমার আচার্য, আরামবাগ: দুর্গাপুজোর মতোই জগদ্ধাত্রী পুজোর আয়োজন করেন আরামবাগের কাপশীট গ্রামের বাসিন্দারা। গ্রামের বিশালাক্ষী তলায় জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয়। এবার তাদের পুজো ১৮ তম বর্ষে পড়েছে। বর্ধিষ্ণু এই গ্রামে অন্যান্য দেবদেবীর পুজোও ধুমধাম করে আয়োজন করেন বাসিন্দারা। ঐতিহ্য ও আন্তরিকতার সঙ্গে সেই সব পুজো হয়ে আসছে। রয়েছে নানা রীতিও। একইসঙ্গে জায়গা করে নিয়েছে জগদ্ধাত্রী পুজো। 
Advertisement
পুজো কমিটির সভাপতি শিশির সরকার বলেন, গ্রামে দীর্ঘদিন ধরে চারটি পারিবারিক দুর্গাপুজো হয়ে আসছে। তবে এখানে জগদ্ধাত্রীপুজো সর্বজনীন।  ১৮ বছর ধরে জগদ্ধাত্রী পুজো হয়ে আসছে। পুজোর পাশাপাশি আমাদের লক্ষ্য থাকে সামাজিক কাজকর্মের দিকে। এবারও তার অন্যথা হচ্ছে না।
পুজো কমিটির যুগ্ম সম্পাদক সুদীপ সরকার, তরুণ ঘোষ বলেন, জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্থানীয় শিল্পীদের নিয়েও পুজোর স্টেজে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তারসঙ্গে রক্তদান শিবির, বস্ত্র বিলিও করা হচ্ছে। এদিন রক্তদান শিবির হয়। সেখানে গ্রামের বাসিন্দারাই রক্ত দিয়েছেন। 
উদ্যোক্তারা জানান, একটি কাল্পনিক মন্দিরের আদলে তৈরি করা হয়েছে জগদ্ধাত্রী পুজো মণ্ডপ। প্রতিমা সাবেকি ও সুউচ্চ। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পুজো হয়। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দেবীর পুজো। বৃহস্পতিবার ডিহিবাগনান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা আনা হয় মণ্ডপে। ধামসা মাদল, রণপা, মহিলা ঢাকি ও বাদ্যযন্ত্র সহযোগে শোভাযাত্রা হয়। কাপশীট সহ পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারাও তাতে শামিল হন। 
উদ্যোক্তারা বলেন, জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে রীতি অনুযায়ী পায়েস ও খিচুড়ি প্রসাদ বিলি করা হয় নবমী তিথিতে। এছাড়া হরিনাম সংকীর্তনের আয়োজনও করেছেন উদ্যোক্তারা। তারসঙ্গে হবে দু’দিন যাত্রাপালা ও বিচিত্রানুষ্ঠান। 
গ্রামের জগদ্ধাত্রী পুজোয় কমিটিতে রয়েছেন মহিলা সদস্যরাও। তাঁদের মধ্যে সুবর্ণা পাল, পূর্ণিমা শেঠ, কবিতা ঘোড়ুই বলেন, জগদ্ধাত্রী পুজোয় নানা আয়োজনে আমরা থাকি। পুজোর প্রস্তুতিতেও অন্যান্য মহিলারা আসেন। পুজোর কয়েকটা দিন আমরা এখানেই আনন্দ করি। ভক্তি, নিষ্ঠার সঙ্গে পুষ্পাঞ্জলিও দিই।
স্থানীয় বাসিন্দারা বলেন, গ্রামবাসীদের সাহায্যে জগদ্ধাত্রী পুজো ধুমধাম করে হয়ে আসছে। এবার পুজোর বাজেট প্রায় তিন লক্ষ টাকা। অন্যান্য গ্রাম থেকেও দর্শনার্থীরা প্রতিমা দর্শনে আসেন। তাঁদেরও প্রসাদ বিলি করা হয়।
 
সম্পর্কিত সংবাদ