সংবাদদাতা, কালনা: কালনার ধাত্রীগ্রামে তিনশো বছরের প্রাচীন জগদ্ধাত্রী পুজোয় মাতলেন হাজার হাজার ভক্ত। রবিবার নবমীর পুজো দিতে ভোর থেকে ভক্তদের লম্বা লাইন দেখা যায়। মানত পূরণে দণ্ডি কাটা, ছাগ বলি ও ধুনো পোড়ানো চলে। পুজো শেষে ভোগ বিতরণ করা হয়। কথিত আছে, এই জগদ্ধাত্রীর নাম থেকেই এলাকার নাম ধাত্রীগ্রাম হয়। এই পুজো ঘিরে এলাকার বাসিন্দাদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। এলাকা আলোয় সাজিয়ে তোলা হয়েছে। নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি তিনদিন ধরে চলবে যাত্রাপালা। কালনা শহরের কাঁসারিপাড়া এলাকায় সীতারামদাস ওঙ্কারনাথদেব প্রতিষ্ঠিত প্রাচীন গৌরাঙ্গ মঠে পুজিতা হলেন প্রায় চার ফুট উচ্চতার অষ্টধাতুর জগদ্ধাত্রী। অষ্টধাতুর মূর্তি দেখতে ভিড় করেন ভক্তরা। মঠ কমিটির পক্ষে চাঁদু কুমার বলেন, বহু বছর ধরেই মঠে জগদ্ধাত্রী পুজো হয়ে আসছে। এবার কুলটির দাস পরিবারের পক্ষ থেকে তাদের বাড়িতে প্রতিষ্ঠিত প্রাচীন অষ্টধাতুর মূর্তিটি মঠ কমিটির হাতে তুলে দিয়েছে। মঠের প্রাচীন মন্দিরে তা স্থাপন করা হয়েছে। বিশেষ পুজোপাঠ হয়েছে।



