Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নামাজ পড়ার সময়ে পরপর ফাঁকা বাড়িতে গয়না-নগদ চুরি, পুলিসের ভূমিকায় ক্ষোভ

বাড়ি তালা বন্ধ করে ঈদগাহতে নামাজ পড়তে গিয়েছিলেন গ্রামের পুরুষ ও মহিলারা।

নামাজ পড়ার সময়ে পরপর ফাঁকা বাড়িতে গয়না-নগদ চুরি, পুলিসের ভূমিকায় ক্ষোভ
  • ১ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রামপুরহাট: বাড়ি তালা বন্ধ করে ঈদগাহতে নামাজ পড়তে গিয়েছিলেন গ্রামের পুরুষ ও মহিলারা। এই সুযোগে তিনটি বাড়িতে ঢুকে সোনা, রূপো ও নগদ টাকা নিয়ে চম্পট দিল চোরেরা। সোমবার সকালে দুঃসাহসিক এই চুরি হয়েছে পাইকর থানার ছাতিনা গ্রামে। ঘটনায় পুলিসের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন গ্রামবাসীরা।

Advertisement

কয়েকবছর ধরে গ্রামের শেষপ্রান্তে ঈদগাহতে নামাজ পড়ে আসছেন ছাতিনা গ্রামের পুরুষ ও মহিলারা। এদিন সকালেও গ্রামের সমস্ত পুরুষ ও মহিলারা বাড়ি তালা বন্ধ করে নামাজে অংশ নিয়েছিলেন। নামাজ শেষে বাড়ি ফিরে দেখেন তিনটি বাড়ির তালা ভেঙে ঢুকে সর্বস্ব চুরি করে নিয়ে গিয়েছে চোরেরা। আলি হোসেন নামে এক গ্রামবাসী জানান, নামাজ শেষে বাড়ি ফিরে দেখেন পরপর তিনটি তালা ভাঙা। বাড়ির ভিতরের শো কেসও একইভাবে ভাঙা হয়েছে। তার ভিতরে থাকা রূপো ও সামান্য সোনার গয়না ও ১৯ হাজার টাকা নেই। মেয়ের বিয়ের জন্য অল্প অল্প করে সঞ্চয় করে সাড়ে তিন ভরি সোনার গয়না তৈরি করে শো কেসের লকারে রেখেছিলেন আজাহার শেখ। সেই গয়নাও চুরি করেছে চোরের দল। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।
অন্যদিকে রাজু শেখের মাটির কোঠাপাড়া বাড়ি। চোরের দল কোঠা দিয়ে বাড়িতে ঢুকে বাক্সর কবজা সহ তালা ভেঙে শাড়ির ভাঁজে থাকা ১৭ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। আরও একটি বাড়ির তালা ভাঙার চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। গ্রামের তৃণমূল নেতা তথা দলের মুরারই ২ ব্লক কমিটির সদস্য মহম্মদ হোসেন বলেন, যেহেতু ঈদের সময় মহিলা ও পুরুষরা ঈদগাহতে নামাজ পড়তে যায়। তাই প্রতিবছর গ্রামের নিরাপত্তায় সিভিক ভলান্টিয়ার দেওয়া হয়। কিন্তু এবার কউকে পাঠানো হয়নি। এই সুযোগকেই কাজে লাগিয়েছে দুষ্কৃতীরা। স্বভাবতই গ্রামবাসীরা পুলিসের ভূমিকার তীব্র সমালোচনা করেন। গ্রামের মহিলারা জানান, অন্যান্য দিনের মতো এদিন সকালে গ্রামে পাখিমারার দল ঢুকেছিল। তাঁদের সন্দেহ, তারাই এই চুরি করেছে। 
এদিন খবর পেয়ে গ্রামে পুলিস এসে তদন্ত করে যায়। গ্রামবাসীরা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে চুরি যাওয়া সামগ্রী ফিরিয়ে দেওয়ার দাবি করেছেন। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ