সংবাদদাতা, নাগরাকাটা: বাস না আসায় ডাম্পারে করে স্কুলে পাঠাতে গিয়ে বিপত্তি ঘটল। দুর্ঘটনায় জখম হল নাগরাকাটার সেন্ট ক্যাপাটিনিও স্কুলের ২৭ জন ছাত্রী। শনিবার সকাল ১০টা দুর্ঘটনাটি ঘটেছে থালঝোরা বাজারের কাছে ১৭নং জাতীয় সড়কে। জানা গিয়েছে, এদিন স্কুলের বাস খারাপ হয়ে যাওয়ায় আসেনি। তাই জিতি চা বাগান কর্তৃপক্ষ একটি ট্রাক ও ভুটান থেকে আসা একটি ডাম্পার গাড়িতে ছাত্রীদের তুলে দেয়। খারাপ রাস্তার উপর দিয়ে যেতে থালঝোরা বাজারের কাছে গিয়ে ডাম্পারটি আচমকাই ব্রেক কষে। সেই সময় ছাত্রীরা ডাম্পারের মধ্যেই ছিটকে এ ওর ঘাড়ে পড়ে গিয়ে চোট পায়। ভয়ে যন্ত্রণায় ছাত্রীরা চিৎকার শুরু করে। কিন্তু ওই অবস্থাতেই ডাম্পারটি ছাত্রীদের স্কুলে পৌঁছে দেয়। স্কুলে পৌঁছতেই ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে। এরপরই খবর পেয়ে বাগান কর্তৃপক্ষ ছাত্রীদের সুলকাপাড়া হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পৌঁছন নাগরাকাটা থানার আইসি কৌশিক কর্মকার। ছাত্রীদের প্রাথমিক চিকিৎসার পর সকলকেই মাল সুপারস্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়।



