নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: জ্বালানি, ডিমে বরাদ্দ বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে সোমবার অঙ্গনওয়াড়ি কর্মীরা জেলাশাসকের দপ্তরে স্মারকলিপি জমা দিলেন। তাঁরা জানিয়েছেন, জ্বালানির জন্য উপভোক্তা অনুযায়ী ২৩টাকা করে দেওয়া হয়। এই টাকায় কাজ চালানো সম্ভব নয়। সব্জি এবং ডিমের দামও বেড়ে গিয়েছে। মা ও শিশুকে তা দিতে হলে বরাদ্দ বাড়াতে হবে। ডিমের দাম আগের থেকে বেড়ে গিয়েছে। কিন্তু, বরাদ্দ বাড়েনি। তাঁদের দাবি, সব অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শৌচালয় নেই। সেটা থাকা অত্যান্ত জরুরি। অনেক কেন্দ্রে পর্যাপ্ত বাসনপত্র নেই। রান্না করতেও সমস্যা হচ্ছে। অর্থ না বাড়ানোয় সব সময় নির্দিষ্ট মেনু অনুযায়ী খাবার দেওয়া যাচ্ছে না। অঙ্গনওয়াড়ির পাশাপাশি প্রাথমিক স্কুলগুলিও মিড ডে মিল রান্না করতে সমস্যায় পড়ছে।



