সংবাদদাতা, বারুইপুর: বৃহস্পতিবার জয়নগরের বহড়ুর শানপুকুরে তিন বন্ধু মদ্যপানের পর জলের বোতলে থাকা অজানা তরল পান করেন। এরপর বিষক্রিয়ায় দু’জনের মৃত্যু ঘটে। আরও একজন নাসির খান অসুস্থ হয়ে এখনও বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর, তাঁর অবস্থা স্থিতিশীল। এদিকে, মৃত সাকাত শেখের পরিবার কুলপি রোডের বেহাল রাস্তা নিয়ে সরব হয়েছেন। অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় অসুস্থ অবস্থায় বুবাই হালদার ও সাকাত শেখকে প্রথমে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তারপরে সেখান থেকে সাকাতকে বারুইপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। পদ্মেরহাট থেকে বারুইপুর মহকুমা হাসপাতাল যেতে ৩০ মিনিট সময় লাগে। কিন্তু রাস্তা বেহাল অবস্থার জন্য লেগেছে ১ ঘণ্টা। পরিবারের দাবি, যাত্রাপথের ধকল সহ্য করতে না পেরে আরও অসুস্থ হয়ে পড়েন সাকাত। তাই বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে এলেও শেষরক্ষা হয়নি। রাস্তা ভালো থাকলে ওদের বাঁচানো যেত।



