মেলবোর্ন: রড লেভার এরিনার ভিআইপি বক্স থেকে বেরতেই সাংবাদিকরা ছেঁকে ধরলেন জিম কুরিয়ারকে। তিনি তখন সবে জানিক সিনারের ম্যাচ দেখে নেমেছেন। কেমন দেখলেন গত দু’বারের চ্যাম্পিয়নকে? কুরিয়ারের জবাব,‘ও খেতাব জয়ের হ্যাটট্রিক না করলে সেটাই সব চেয়ে বড় অঘটন হবে।’ মঙ্গলবার দু’টি সেট হওয়ার পর ওয়াকওভারে পাওয়া জয় দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে যাত্রা শুরু করবেন ইতালিয়ান তরুণ। ফ্রান্সের হুগো গ্যাস্টান দ্বিতীয় সেটের পর গোড়ালির যন্ত্রণায় আর খেলা চালিয়ে যেতে পারেননি। তখন সিনারের পক্ষে ফল ছিল ৬-২, ৬-১। এই জয়ের সুবাদে অস্ট্রেলিয়ান ওপেনে টানা ১৫টি ম্যাচ জিতলেন সিনার। দ্বিতীয় রাউন্ডে তাঁর প্রতিপক্ষ জেমস ডার্কওয়ার্থ।
গত দু’টি মরশুম দুরন্ত ছন্দে রয়েছেন সিনার। জোড়া অস্ট্রেলিয়ান ওপেনের পাশাপাশি ক্যাবিনেটে উঠেছে উইম্বলডন ও ইউএস ওপেন। সম্প্রতি তাঁর সঙ্গে কার্লোস আলকারাজের অস্ট্রেলিয়ান ওপেনেও এই দুই তারকার ডুয়েল দেখার প্রতিক্ষায় টেনিস দুনিয়া। অন্যদিকে, পুরুষদের সিঙ্গলসে প্রথম রাউন্ডের বাধা টপকালেন স্টিফানোস সিসিপাস। জাপানের শিনতারো মুচিজুকিকে চার সেটের লড়াইয়ে হারালেন গ্রিক তারকা। তাঁর পক্ষে খেলার খেল ৪-৬, ৬-৩, ৬-২, ৬-২। বুধবার শুরু হবে দ্বিতীয় রাউন্ডের খেলা। শীর্ষ বাছাই আলকারাজ নামবেন জার্মানির ইয়ানিক হানফম্যানের বিরুদ্ধে। অন্যদিকে, আলেকজান্ডার জেরেভ খেলবেন ইতালির আলেকজান্ডার মুলারের বিরুদ্ধে। মহিলাদের সিঙ্গলসে শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কার প্রতিপক্ষ চীনের ঝুওসুয়ান বাই।