নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন ককরোচ জনতা পার্টির নেতা আব্দুল হাফিজ। কালীঘাটে নেত্রীর বাসভবনে এসে বৈঠক করেন তিনি। তাঁর সঙ্গে আরও দু’তিনজন ছিলেন। প্রায় ঘণ্টাখানেক নেত্রীর বাসভবনে ছিলেন হাফিজ। সেইসময় নেত্রীর বাড়িতে থাকা অন্যান্য তৃণমূল নেতাদের সঙ্গে হাফিজের পরিচয় করিয়ে দেন মমতা। হাফিজ ও তাঁর পরিবার সম্পর্কে খোঁজে নেন তৃণমূল নেত্রী। যদিও এই বৈঠকের বিষয়ে কোনো কথা বলেননি হাফিজ। তৃণমূল সাংসদ দোলা সেন বলেন, হাফিজের পরিবারের পাশে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে ফোনে কথা হয়েছিল। আমাদের হাফিজের বাড়ি পাঠিয়েছিলেন তৃণমূল নেত্রী। এবার হাফিজের সঙ্গে সরাসরি সাক্ষাৎ হল নেত্রীর। প্রসঙ্গত, বাঁকুড়ায় ইন্দাসে ককরোচ জনতা পার্টির নেতা আব্দুল হাফিজ দিল্লির যন্তরমন্তরে আন্দোলনে গিয়েছিলেন। অভিযোগ, দিল্লিতে কেন আন্দোলন করতে গিয়েছে এই প্রশ্ন তুলে হাফিজের বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা। হাফিজের বাবাকে বেধড়ক মারধর করা হয়। তাঁর মৃত্যু হয়। হাফিজের বাবার মৃত্যুর ঘটনা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন মমতা। বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন তিনি।



