Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জলপাইগুড়িতে পাইপ ভেঙে একাধিক ওয়ার্ড নির্জলা, দুর্ভোগ

গ্যাসের পাইপ লাইনের কাজ করতে গিয়ে বিপত্তি একাধিক জায়গায় ফাটল জলের পাইপ

জলপাইগুড়িতে পাইপ ভেঙে একাধিক ওয়ার্ড নির্জলা, দুর্ভোগ
  • ৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: গ্যাসের পাইপ লাইনের কাজ করতে গিয়ে বিপত্তি। একাধিক জায়গায় ফাটল জলের পাইপ। আর তারই জেরে নির্জলা হয়ে পড়েছে জলপাইগুড়ি পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড। ফলে চরম সমস্যায় পড়েছেন ওইসব এলাকার বাসিন্দারা। পুরসভার তরফে জানানো হয়েছে, জলের পাইপের ফাটল মেরামতির কাজ চলছে। আজ, শনিবার পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে তাদের আশা। ট্যাঙ্ক পাঠিয়ে জল সঙ্কট মেটানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল। 

Advertisement

জলপাইগুড়ি শহরের ১৯ নম্বর ওয়ার্ডে আদি নিউ টাউন পাড়ায় রান্নার গ্যাসের পাইপের কাজ চলছে। ওই কাজ করতে গিয়েই মাটির নীচ দিয়ে যাওয়া পুরসভার জলের পাইপ ফেটে বিপত্তি দেখা দিয়েছে। এরই জেরে বৃহস্পতিবার থেকে ১৯ নম্বর ও লাগোয়া ২৪ নম্বর ওয়ার্ড তো বটেই, আশপাশের আরও কয়েকটি ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। শুক্রবারও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। ফলে ক্ষোভ উগরে দিয়েছেন বাসিন্দারা। 
১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলার তথা চেয়ারম্যান ইন কাউন্সিল লোপামুদ্রা অধিকারী বলেন, গ্যাসের লাইনের কাজ করতে গিয়ে জলের পাইপ লিক হয়েছে। জল সরবরাহ বন্ধ রেখে ওই লিক খোঁজার কাজ চলছে। কিন্তু মাটির তলায় কোথায় পাইপে ফাটল দেখা দিয়েছে, তা খুঁজে পেতে সমস্যা হচ্ছে। তবে আশা করছি, শনিবার থেকে জল সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে। 
জল সরবরাহ বন্ধ থাকায় বাসিন্দাসদের যে সমস্যায় পড়তে হচ্ছে তা স্বীকার করে নিয়ে ওই কাউন্সিলার বলেন, যাদের বাড়িতে পানীয় জলের বিকল্প ব্যবস্থা নেই, তাঁদের তো সমস্যায় পড়তে হচ্ছেই। পরিস্থিতি সামাল দিতে পুরসভা থেকে শুক্রবার তিনটি ট্যাঙ্কে জল পাঠানো হয় আমার ওয়ার্ডে। 
এদিকে,উচ্চ মাধ্যমিক সহ অন্য বোর্ডের পরীক্ষা চলাকালীন কেন গ্যাসের পাইপ লাইনের জন্য রাস্তা খোঁড়ার অনুমতি দিল পুরসভা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ২৪ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলার অম্লান মুন্সি। তাঁর ওয়ার্ডের একটা বড় অংশ নির্জলা হয়ে পড়েছে বলে দাবি ওই কাউন্সিলারের। তাঁর হুঁশিয়ারি, গ্যাসের পাইপ লাইনের কাজ করতে গিয়ে একটি পাম্পের জল সরবরাহের মেইন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার সকাল থেকে যদি জল সরবরাহ স্বাভাবিক না হয়, সাধারণ মানুষকে নিয়ে রাস্তায় নেমে আন্দোলন হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ