Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জলপাইগুড়ি: ভোটের আগে নয়া দু’টি ট্রেন, কৃতিত্ব দাবি জয়ন্তর

ভোটের আগে নয়া দু’টি ট্রেন পাচ্ছে জলপাইগুড়ি। বালুরঘাট-শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসকে হলদিবাড়ি পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলবোর্ড।

জলপাইগুড়ি: ভোটের আগে নয়া দু’টি ট্রেন, কৃতিত্ব দাবি জয়ন্তর
  • ৫ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ভোটের আগে নয়া দু’টি ট্রেন পাচ্ছে জলপাইগুড়ি। বালুরঘাট-শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসকে হলদিবাড়ি পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলবোর্ড। একইসঙ্গে বামনহাট-শিলিগুড়ি এক্সপ্রেস ট্রেনটিও হলদিবাড়ি পর্যন্ত চালানোর সিদ্ধান্তে রেলবোর্ডের তরফে সিলমোহর দেওয়া হয়েছে। আর এনিয়ে রেলবোর্ডের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ হতেই নিজের কৃতিত্ব আদায়ে পুরোদস্তুর ময়দানে নেমে পড়েছেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডাঃ জয়ন্তকুমার রায়। এই ট্রেন দু’টি হলদিবাড়ি পর্যন্ত চালানোর ব্যাপারে তিনিই রেলমন্ত্রীর কাছে দরবার করেন বলে দাবি তাঁর। বুধবার তিনি বলেন, বালুরহাট-শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস যে জলপাইগুড়ির উপর দিয়ে হলদিবাড়ি পর্যন্ত চলবে, তা অনেক আগেই আমি জানিয়েছিলাম। কারণ, এনিয়ে আমি বারবার রেলমন্ত্রীর কাছে দরবার করেছি। বামনহাট-শিলিগুড়ি এক্সপ্রেসের যাত্রাপথও হলদিবাড়ি পর্যন্ত করার ব্যাপারে আমি উদ্যোগ নিয়েছি। আনুষ্ঠানিক উদ্বোধনের পর শীঘ্রই বর্ধিত রুটে ট্রেন দু’টি চলতে শুরু করবে।  

Advertisement

যদিও রেলের যে কোনো উন্নয়নমূলক কাজের সঙ্গে নিজের নাম জুড়ে দেওয়া নিয়ে জলপাইগুড়ির বিজেপি এমপিকে বিঁধতে ছাড়ছে না তৃণমূল কংগ্রেস ও বামেরা। তাদের বক্তব্য, নিজের সাংসদ কোটার টাকা খরচে ব্যর্থ জয়ন্ত রায়। বারবার প্রতিশ্রুতি দিয়েও বেলাকোবা কিংবা ডেঙ্গুয়াঝাড় রেলগেটে উড়ালপুল করতে পারেননি তিনি। অথচ কোথাও কোনো নতুন ট্রেন দেওয়া হলেই নিজের কৃতিত্ব আদায় করতে আসরে নেমে পড়েন সাংসদ। তৃণমূলের তোপ, নতুন ট্রেন চালু হচ্ছে, ভালো কথা। কিন্তু যে ট্রেনগুলো আগে থেকে চলছে, সেগুলোর যাত্রী পরিষেবা যে তলানিতে পৌঁছেছে, তার দায় কে নেবে? ফলে সবমিলিয়ে ভোটের মুখে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।
৩ মার্চ রেলবোর্ডের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বালুরঘাট-শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস দুপুর ১২টা ১৫ মিনিটে বালুরঘাট স্টেশন থেকে ছাড়বে। শিলিগুড়ি জংশনে পৌঁছবে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে। এরপর বর্ধিত রুটে নিউ জলপাইগুড়ি, বেলাকোবা ও জলপাইগুড়ি স্টেশনে দাঁড়াবে ট্রেনটি। হলদিবাড়িতে পৌঁছবে রাত ১০টা ১৫ মিনিটে। অন্যদিকে, হলদিবাড়ি স্টেশন থেকে ট্রেনটি ছাড়বে ভোর ৫টায়। দুপুর ৩টে ১০ মিনিটে পৌঁছবে বালুরঘাট স্টেশনে। সপ্তাহে প্রতিদিন চলবে ট্রেনটি। 
অন্যদিকে, বামনহাট-শিলিগুড়ি এক্সপ্রেস ট্রেনটি বামনহাট থেকে ছাড়বে সকাল সাড়ে ৯টায়। হলদিবাড়িতে পৌঁছবে রাত ৯টা ১৫ মিনিটে। আবার হলদিবাড়ি স্টেশন থেকে ছাড়বে ভোর সাড়ে ৪টেয়। বামনহাট পৌঁছবে দুপুর ১টা ৪৫ মিনিটে। এটিও রোজ চলবে। বর্ধিত যাত্রাপথে ট্রেনটি দাঁড়াবে এনজেপি, বেলাকোবা ও জলপাইগুড়ি স্টেশনে।

সম্পর্কিত সংবাদ