নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: রাজবাড়ির সামনে পার্ক দখল করে দিব্যি চলছিল দোকান ও হোটেল। একাধিকবার জানানোর পরও সরিয়ে নেওয়া হয়নি সেগুলি। অবশেষে বুধবার অভিযান চালিয়ে দু’টি দোকান ও হোটেল ভেঙে দিল পুরসভা। পুরসভার তরফে জানানো হয়েছে, প্রায় ৩৭ লক্ষ টাকায় রাজবাড়ির ঐতিহ্যবাহী সিংহদুয়ার লাগোয়া পার্কটির সৌন্দর্যায়ন হবে। পার্কের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। একইসঙ্গে বিল্ডিং প্ল্যান ছাড়াই নির্মাণ করায় সৌম্য বসু নামে জলপাইগুড়ি রাজবাড়ির এক বংশধরকে এদিন নোটিস দিল পুর কর্তৃপক্ষ। পুর আইন মেনে যা করার তিনি করবেন বলে জানিয়েছেন। ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় সহ পুরসভার আধিকারিকদের উপস্থিতিতে এদিন রাজবাড়ির সামনে পার্ক দখলমুক্ত অভিযান চলে।
এদিনের অভিযান নিয়ে ভাইস চেয়ারম্যান বলেন, পুরসভার পার্ক দখল করে বেশ কয়েকটি দোকান চলছিল। বেশ কয়েকবার সেগুলি সরিয়ে নিতে বলা হয়েছিল। কিন্তু না সরানোয় এদিন পুর প্রতিনিধিরা দাঁড়িয়ে থেকে পার্ক দখল করে চলা দোকানগুলি ভেঙে দেন। তাঁর দাবি, শুধু এখানে নয়, শহরজুড়ে ধাপে ধাপে দখলমুক্ত অভিযান চলবে। সেইসঙ্গে বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বিল্ডিং প্ল্যান পাশ না করিয়ে নির্মাণ করায় এদিন জলপাইগুড়ি রাজবাড়ির এক বংশধরকে নোটিস দেওয়া হয়েছে। দ্রুত তাঁকে বিল্ডিং প্ল্যান জমা দিতে বলা হয়েছে।
দিলীপ দুগার এসজেডিএ’র চেয়ারম্যান হওয়ার পর জলপাইগুড়ি রাজবাড়ি দিঘি সংস্কারে উদ্যোগী হয়েছেন। ইতিমধ্যে দু’বার রাজবাড়ি দিঘি ঘুরে গিয়েছেন তিনি। রাজবাড়ি দিঘি চত্বরে দিল্লি হাটের মতো কিছু করা যায় কি না, তা নিয়ে ভাবনাচিন্তা চলছে বলে জানিয়েছেন দিলীপ। সেইসঙ্গে রাজবাড়ি দিঘি চত্বরে থাকা দু’টি প্রাচীন মন্দির সংস্কারে রাজ্য হেরিটেজ কমিশনের দ্বারস্থ হচ্ছেন এসজেডিএ চেয়ারম্যান।
জলপাইগুড়ি রাজবাড়ি এলাকায় দখলমুক্ত অভিযান। - নিজস্ব চিত্র।