নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: স্বামীজি বিবেকানন্দের জলপাইগুড়ির মাটিতে পদার্পণের ১২৫তম বর্ষ ও যোগ দিবস উপলক্ষ্যে এক কোটি চারা গাছ রোপণের অঙ্গীকার রামকৃষ্ণ মিশন আশ্রমের। শনিবার জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের বিবেকানন্দ অডিটোরিয়ামে ওই দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একদিকে যেমন বিশ্ব যোগ দিবস পালিত হয়, সেই সঙ্গে স্বচ্ছ ও সবুজ পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে এক কোটি চারা গাছ রোপণের কর্মসূচি নেওয়া হয়। বিশ্ব যোগ দিবসে শারীরিক কসরত করে নিজেকে সুস্থ রাখার পাশাপাশি স্বচ্ছ সবুজ পৃথিবী গড়ে তোলা, এই অঙ্গীকার নিয়ে ছাত্রছাত্রীদের হাতে চারা গাছ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত জলপাইগুড়ির সাংসদ জয়ন্তকুমার রায় এপ্রসঙ্গে বলেন, এদিন রামকৃষ্ণ মিশন আশ্রম পরিকল্পনা নিয়েছে, যার মূল লক্ষ্য স্বচ্ছ ও সবুজ পৃথিবী গড়ে তোলা। এটা খুবই ভালো উদ্যোগ। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী শিবপ্রেমানন্দ মহারাজ বলেন, স্বামীজি বিবেকানন্দ প্রথম যোগী, যিনি দেশের বাইরের মানুষের কাছে যোগকে তুলে ধরেছিলেন। যোগের মধ্যদিয়েই নিজেকে প্রকৃত মানুষ তৈরি করা সম্ভব। এদিন প্রায় ৪০০ ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাকে নিয়ে যেমন আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়েছে, একইসঙ্গে এদিন থেকে রামকৃষ্ণ মিশন আশ্রমের পক্ষ থেকে মেগা ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামের সূচনা করা হল। যার মাধ্যমে জলপাইগুড়ি জেলা সহ অন্যান্য জেলা মিলিয়ে এক কোটি গাছ রোপণের অঙ্গীকার নেওয়া হয়েছে।