Bartaman Logo
২ জুন, ২০২৬

জালালাবাদের নাম বদলে পরশুরামপুরী

ইমারত, রাস্তা, স্টেশন এমনকী শহর। মোদি জমানায় মুঘল চিহ্ন মুছে ফেলে নতুনভাবে নামকরণের একাধিক দৃষ্টান্ত রয়েছে। মুঘলসরাই স্টেশনের নাম বদলে হয়েছে দীনদয়াল উপাধ্যায়।

জালালাবাদের নাম বদলে পরশুরামপুরী
  • ২১ আগস্ট, ২০২৫ ১৭:০৮

লখনউ: ইমারত, রাস্তা, স্টেশন এমনকী শহর। মোদি জমানায় মুঘল চিহ্ন মুছে ফেলে নতুনভাবে নামকরণের একাধিক দৃষ্টান্ত রয়েছে। মুঘলসরাই স্টেশনের নাম বদলে হয়েছে দীনদয়াল উপাধ্যায়। এলাহাবাদের নাম হয়েছে প্রয়াগরাজ। তালিকা দীর্ঘ। তা নিয়ে সমালোচনারও অন্ত নেই। বিরোধীদের কথায়, নিজেদের হিন্দুত্বের এজেন্ডা চালাতেই এহেন পদক্ষেপ গেরুয়া শিবিরের। বিতর্কের এই আবহের মধ্যেই ফের যোগীরাজ্য উত্তরপ্রদেশে নাম পরিবর্তন। বুধবার রাজ্যের শাহজাহানপুর জেলার জালালাবাদ শহরের নতুন নাম হল পরশুরামপুরী। প্রশাসন সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই নাম বদলের দাবি উঠেছিল। এবার তাতে সিলমোহর দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা গিয়েছে, চলতি বছরের ২৭ জুন স্বরাষ্ট্র মন্ত্রকে একটি চিঠি পাঠিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যসচিব। সেখানেই নাম বদলের প্রস্তাব দেওয়া হয়েছিল। এদিন সেই প্রস্তাবে সম্মতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রক। গেরুয়া শিবিরের কথায়, জালালাবাদ শহর ভগবান পরশুরামের জন্মস্থান। এখানে পরশুরামের বহু প্রাচীন একটি মন্দিরও রয়েছে। শেষমেশ নাম পরিবর্তন করা হল। এটা অত্যন্ত গর্বের মুহূর্ত। যদিও বিষয়টি নিয়ে আক্রমণ শানিয়েছে কংগ্রেস ও বিরোধী দলগুলি। তাঁদের বক্তব্য, এগুলি আইওয়াশ ছাড়া আর কিছুই নয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ