সংবাদদাতা, বিষ্ণুপুর: সারদাদেবীর মা শ্যামাসুন্দরীদেবী প্রতিষ্ঠিত জগদ্ধাত্রী পুজো এবার ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে জয়রামবাটি মাতৃমন্দিরে সাজোসাজো রব। অন্যান্য বছর কেবলমাত্র তিনদিন ধরে জগদ্ধাত্রী পুজো হয়। এবার পুজো ছাড়াও অতিরিক্ত ছ’দিন ধরে ভক্ত সম্মেলন এবং উৎসব চলবে। সেইমতো মাতৃমন্দির সেজে উঠছে। ভক্তদের মধ্যেও এবার বাড়তি উন্মাদনা রয়েছে।
মাতৃমন্দির সূত্রে জানা গিয়েছে, আগামী ১৯ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত মাতৃমন্দিরে জগদ্ধাত্রী পুজো হবে। তারপর ২৪ নভেম্বর থেকে টানা ২৯ নভেম্বর পর্যন্ত ভক্ত সম্মেলন ও উৎসব চলবে। ওই উপলক্ষ্যে জোর প্রস্তুতি চলছে। মাতৃমন্দিরের মুখপাত্র স্বামী যুগেশ্বরানন্দ বলেন, এবার মাতৃমন্দিরে জগদ্ধাত্রীপুজোর দেড়শো বছর পূর্তি হচ্ছে। সেই জন্য পুজোর পরেও অতিরিক্ত ছ’দিন ভক্ত সম্মেলন এবং উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে ভক্তিমূলক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। এছাড়াও ছ’দিন ধরে বিশেষ মেলাও চলবে।
মাতৃমন্দির সূত্রে জানা গিয়েছে, ১৮৭৭ সালের ১৪ নভেম্বর জয়রামবাটিতে প্রথম জগদ্ধাত্রী পুজো শুরু হয়। কথিত আছে, তৎকালীন সময়ে গ্রামে একটি মাত্র পারিবারিক কালীপুজো হত। প্রতিবছর কালীপুজোয় মা সারদার মাতা শ্যামাসুন্দরী দেবী নৈবেদ্য হিসাবে চাল দিতেন। একবার পুজোর সময় জনৈক্য এক ব্যক্তি গ্রাম্য সংকীর্ণতাবশত তাঁর হাত থেকে চাল নিতে অস্বীকার করেন। এতে শামাসুন্দরীদেবী মনে কষ্ট পান। রাতে কাঁদতে কাঁদতে মা কালীর উদ্দেশ্যে বলেন, সারাবছর ধরে সংগ্রহ করা চাল তোমার নামে রাখা হয়েছে। এবার ওই চালের কী হবে? একসময় ক্লান্ত হয়ে তিনি ঘুমিয়ে পড়েন। ভোরবেলা নারী কণ্ঠের আওয়াজ শুনে তিনি জেগে ওঠেন। দেখতে পান, তাঁর সামনে রক্তবর্ণা এক দেবী বসে রয়েছেন। তিনি জানান, কালীর নামে রাখা চাল তিনি গ্রহণ করবেন।
তিনি কে? এই প্রশ্নের উত্তরে দেবী বলেন, ‘আমি জগদম্বা। জগদ্ধাত্রী রূপে তোমার পুজো গ্রহণ করব।’ সকালে শ্যামাসুন্দরীদেবী তাঁর কন্যা মা সারদাকে ঘটনার কথা বলেন। মা সারদার দিদিমা সব শুনে জগদ্ধাত্রী পুজো করার পরামর্শ দেন। সেই মতো শ্যামাসুন্দরীদেবী পুজোর আয়োজন করেন। মা কালীর জন্য রাখা চাল পুজোয় নৈবেদ্য দেওয়া হয়। নিমন্ত্রিতদের প্রসাদ বিলির জন্য বৃষ্টিতে ভেজা ধান মায়ের কৃপায় দ্রুত শুকিয়ে যায়। সেই ওই চাল দিয়ে ভোগ রান্না হয়। এভাবেই মাতৃধামে জগদ্ধাত্রী পুজোর প্রচলন হয়। পরের বছর শ্যামাসুন্দরীদেবী আর্থিক কারণে ঝক্কি এড়াতে পুজো না করার কথা ভাবছিলেন। স্বয়ং জগদ্ধাত্রীর স্বপ্নাদেশ পাওয়ার পর তিনি তা বন্ধ করতে পারেননি। ১২ বছর পর একই কারণে মা সারদা পুজো বন্ধ করার কথা ভাবছিলেন। সেবারও একইভাবে স্বপ্নাদেশ পান। সেই থেকে আজ পর্যন্ত প্রতি বছর একই রীতি নীতি মেনে জগদ্ধাত্রী পুজো হয়ে আসছে। পুজোর খরচ চালানোর জন্য মা সারদা পরবর্তীকালে ১০ বিঘা জমি ঠাকুরের নামে করে দেন। বর্তমানে রামকৃষ্ণ মঠ ও মিশন অধীনস্থ মাতৃমন্দির কর্তৃপক্ষ পুজো পরিচালনা করেন। মা সারদাকে স্বপ্নাদেশ দেওয়ার সময় জগদ্ধাত্রীর সঙ্গে জয়া ও বিজয়া ছিলেন। তাই মণ্ডপে দেবীর পাশে তাঁদেরও মূর্তি স্থাপন করা হয়। একই সঙ্গে তাঁরাও পূজিত হন। ওই পুজো এবার ১৫০ বছরে পদার্পণ করেছে। তাই এবার পুজোর পাশাপাশি বিশেষ ভক্ত সম্মেলন ও উৎসবের আয়োজন করা হয়েছে। মাতৃমন্দিরে তার জোর প্রস্তুতি চলছে।



