Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

প্রশ্নের মুখে জাদেজার ওয়ান ডে কেরিয়ার

নিউজিল্যান্ডের কাছে ওডিআই সিরিজে পরাজয়ের পর ক্ষোভে ফুঁসছে ক্রিকেটমহল।

প্রশ্নের মুখে জাদেজার ওয়ান ডে কেরিয়ার
  • ২০ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ইন্দোর: নিউজিল্যান্ডের কাছে ওডিআই সিরিজে পরাজয়ের পর ক্ষোভে ফুঁসছে ক্রিকেটমহল। চলছে ময়নাতদন্ত। ঘরের মাঠে ভারতীয় ক্রিকেট দল কেন বারবার হারছে, তার কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা। অস্বস্তিকর নানা প্রশ্ন ভেসে আসছে শিবিরেও। কোচ গৌতম গম্ভীরের ভূমিকা, রোহিত শর্মার রান না পাওয়া, রবীন্দ্র জাদেজার ধারাবাহিক অফ ফর্ম, মাঝারিমানের ফিল্ডিং— উঠছে নানা কারণ। এই আবহে কড়া পদক্ষেপ নিয়েছে বোর্ডও। ফতোয়া স্পষ্ট, খেলতে হবে রনজিতে। ২২ জানুয়ারি সৌরাষ্ট্রের বিরুদ্ধে পাঞ্জাবের হয়ে তাই নামবেন শুভমান গিল।

Advertisement

ওই ম্যাচেই সৌরাষ্ট্রের হয়ে খেলবেন রবীন্দ্র জাদেজা। তাঁর ক্রিকেট কেরিয়ার নিয়ে অবশ্য ঘনিয়ে উঠেছে অন্ধকার। ভারতের ফের একদিনের সিরিজ ছয় মাস পরে। মনে করা হচ্ছে, ইন্দোরেই কেরিয়ারের শেষ ওডিআই ম্যাচ খেলে ফেলেছেন ৩৭ বছর বয়সি। ভারত অধিনায়ক অবশ্য তাঁর পাশে দাঁড়িয়েছেন। গিল বলেছেন, ‘জাড্ডু ভাইও ব্যাট হাতে ভালো ছন্দে ছিল। কিন্তু রান আসেনি। আর গত কয়েক বছর ধরেই বল হাতে দলকে নির্ভরতা জুগিয়েছে। দুর্ভাগ্যবশত এই সিরিজে প্রত্যাশামতো উইকেট আসেনি। কখনও কখনও এমন হয়েই থাকে। এর থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে।’একইভাবে সদ্যসমাপ্ত সিরিজে চরম ব্যর্থ রোহিতকেও আড়াল করেছেন গিল। তাঁর কথায়, ‘ভালো ফর্মেই রয়েছে রোহিত ভাই। কিন্তু সবসময় বড় রান পাওয়া সম্ভব নয়। ব্যাটসম্যান যতই সেটা চাক না কেন, তা হয় না।’

অবশ্য প্রত্যাশাপূরণে ব্যর্থ স্বয়ং গিলও। রবিবার ব্যাট-প্যাডের মধ্যে দিয়ে বল গলে স্টাম্প ছিটকে দিয়েছে তাঁর। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি দিয়ে অধিনায়কের টেকনিকে সমস্যার কথা তুলে ধরেছেন রবিচন্দ্রন অশ্বিন। স্বয়ং গিলও মানছেন যে, কিউয়িদের বিরুদ্ধে ওডিআই সিরিজে ভারতীয় দলের তারকাখচিত ব্যাটিং লাইন-আপ পুরোপুরি ব্যর্থ। ২৬ বছর বয়সির মতে, ‘আমাদের ব্যাটসম্যানরা ক্রিজে সেট হয়েও বড় রান করতে পারেনি। বিশেষ করে বড় রানের ম্যাচগুলোতে এটা হয়েছে। অন্তত দু’জন ব্যাটারকে লম্বা ইনিংস খেলতেই হতো জেতার জন্য। কিন্তু তা হয়নি। এটাই তফাত গড়ে দিয়েছে। যেমন সিরিজের প্রথম দুই ম্যাচে থিতু হয়ে গিয়েও সেঞ্চুরি পাইনি। কিউয়ি ব্যাটসম্যানরা কিন্তু ক্রিজে সেট হয়ে যাওয়ার পর লম্বা ইনিংস খেলেছে।’

সামনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। ইন্দোর থেকে নাগপুরে পৌঁছে গিয়েছেন শ্রেয়স আয়ার, অর্শদীপ সিংরা। বুধবার সেখানে কিউয়িদের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০। সূর্যকুমার যাদবের নেতৃত্বে টি-২০ বিশ্বকাপে নামার আগে মহড়ার এটাই শেষ সুযোগ। সঞ্জু স্যামসন, রিঙ্কু সিংরা রয়েছেন ফুরফুরে মেজাজে। নাগপুরে জঙ্গল সাফারিও সেরেছেন সূর্যরা। এটা পরিষ্কার যে, ওডিআই সিরিজে পরাজয়ের কোনও প্রভাব সেই দলে পড়েনি। এদিকে, লন্ডন পাড়ি দিয়েছেন বিরাট কোহলি। দুরন্ত ফর্মে থাকা ‘কিং’ ভারতের জার্সিতে ফের নামবেন জুলাইয়ে।

Advertisement
সম্পর্কিত সংবাদ