দুবাই: ভারত-ইংল্যান্ডের টেস্ট সিরিজে দুরন্ত ছন্দে থাকার পুরস্কার পেলেন রবীন্দ্র জাদেজা ও বেন স্টোকস। বুধবার প্রকাশিত আইসিসি র্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান বজায় রাখলেন জাদেজা। তাঁর রেটিং পয়েন্ট ৪২২। এই বিভাগে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে স্টোকসের। প্রথম চার ম্যাচে দুরন্ত ছন্দ মেলে ধরেছেন ইংল্যান্ডের অধিনায়ক। শেষ দু’টি টেস্টেই ম্যাচের সেরার পুরস্কার উঠেছে তাঁর হাতে। সেই সুবাদে ৩০১ পয়েন্ট নিয়ে তিন ধাপ এগিয়ে তৃতীয় স্থানে স্টোকস। ব্যাটসম্যানদের তালিকায় ঋষভ পন্থ এক ধাপ এগলেন। ৭৭৬ পয়েন্ট নিয়ে তিনি রয়েছেন সপ্তম স্থানে। তবে হতাশ করেছেন যশস্বী। তিন ধাপ নেমে তিনি এখন আট নম্বরে। নবম স্থান ধরে রেখেছেন শুভমান গিল। বোলিংয়ে যশপ্রীত বুমরাহ রয়েছেন তালিকার মগডালে। পাশাপাশি দলগত বিভাগে টিম ইন্ডিয়া চতুর্থ স্থানেই রয়েছে। প্রথম তিনে যথাক্রমে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড।



