নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে প্লেসমেন্ট সেলের জন্য পৃথক অফিস পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার ক্যাম্পাসের প্রযুক্তি ভবনের আটতলায় প্রায় পাঁচ হাজার বর্গফুটের অফিসটি উদ্বোধন করা হয়েছে। থাকছে ইন্টারভিউ, গ্রুপ ডিসকাসনের জন্য আধুনিক পরিকাঠামো। কেমিকেল ইঞ্জিনিয়ারিংয়ের ১৯৮১ সালের প্রাক্তনী সনৎ চট্টোপাধ্যায় এর জন্য এক কোটি টাকা দান করেছেন। তাতেই গড়ে তোলা হচ্ছে পরিকাঠামো। এদিনের অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য, সহ-উপাচার্য অমিতাভ দত্ত, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দেবজিৎ দত্ত এবং অন্যান্য অধ্যাপক ও আধিকারিকরাও উপস্থিত ছিলেন। এর আগে প্লেসমেন্ট সেলের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। পরীক্ষা পাশের ভুয়ো নথি দেখিয়ে প্লেসমেন্ট অফার পেয়ে যাওয়া, পরে তা ধরা পড়ার পরে চাকরি বাতিল হওয়ার মতো ঘটনা ঘটেছে। তাতে প্লেসমেন্ট সেলের বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকার অভিযোগ ওঠে। তার পরে আগের প্লেসমেন্ট সেলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে সরিয়ে স্থায়ী প্লেসমেন্ট অফিসার নিয়োগের পথে হাঁটে কর্তৃপক্ষ। সেলের স্থায়ী অফিস উদ্বোধন করে আরও একধাপ এগোল যাদবপুর বিশ্ববিদ্যালয়।



