সংবাদদাতা, ডোমকল: লটারির আড়ালে চলছে জুয়া। তার পাল্লায় পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন পুরুষরা। এনিয়ে বাড়িতে অশান্তি হচ্ছে। অভিযোগ, পুলিস-প্রশাসনের মদতে দীর্ঘদিন ধরে লটারির আড়ালে জুয়ার আসর চালিয়ে আসছে একশ্রেণির লটারি ব্যবসায়ী। প্রতিবাদ করলে জুটছে হুমকি। শেষ পর্যন্ত অতিষ্ঠ হয়ে শনিবার সকালে জলঙ্গির ঘোষপাড়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান মহিলারা। ঘটনায় অবরুদ্ধ হয়ে পড়ে শেখপাড়া জলঙ্গি রাজ্যসড়ক। ঘণ্টা দুয়েক অবরোধ চলার পর শেষ পর্যন্ত পুলিসের হস্তক্ষেপে অবরোধ ওঠে। তাঁদের অভিযোগ, এলাকায় রমরমিয়ে চলছে লটারির নামে জুয়ার আসর। একেবারে রাস্তার পাশে টেবিল নিয়ে বসে চলছে লটারির আড়ালে জুয়ার কারবার। ওই জুয়ার নেশায় পড়ে টাকাপয়সা শেষ করে দিচ্ছে পুরুষরা। এমনকী বাড়ির গয়না থেকে আসবাবপত্র বিক্রি করেও তারা জুয়া খেলছে। এতে সংসারে অশান্তি বাড়ছে। ব্যবসায়ীদের বললে হুমকি দেওয়া হচ্ছে। শেষপর্যন্ত অতিষ্ঠ হয়ে শনিবার সকালে আলির বটতলায় রাস্তা অবরোধ শুরু করেন মহিলারা। ঘটনায় অবরুদ্ধ হয়ে পড়ে রাজ্যসড়ক। পরে পুলিস পৌঁছে আশ্বাস দিলে অবরোধ তুলে নেন মহিলারা।
Advertisement
বিক্ষোভকারী বিউটি বিবি বলেন, জুয়ার পাল্লায় পড়ে অনেকের পরিবার সর্বস্বান্ত হচ্ছে। অথচ দিব্যি লটারির আড়ালে জুয়ার কারবার চলছে। আমাদের দাবি, অবিলম্বে জুয়ার কারবার বন্ধ করতে হবে। পুলিস জানিয়েছে, লটারির আড়ালে জুয়া চললে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।



