Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বৃষ্টি হল, স্বস্তি কি মিলবে? মিমের বন্যা, ক্ষণিকের বারিধারাতেও জমল জল

প্রায় সাতদিন পর বৃষ্টি। তবু স্বস্তি নেই। বুধবার বৃষ্টির পরও ভ্যাবসা গরম অব্যাহত উত্তরবঙ্গে।

বৃষ্টি হল, স্বস্তি কি মিলবে? মিমের বন্যা, ক্ষণিকের বারিধারাতেও জমল জল
  • ১২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: প্রায় সাতদিন পর বৃষ্টি। তবু স্বস্তি নেই। বুধবার বৃষ্টির পরও ভ্যাবসা গরম অব্যাহত উত্তরবঙ্গে। সেই সঙ্গে গরমের তীব্রতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে মিমের বন্যা! কেউ শুনশান রাস্তায় দাঁড়িয়ে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখছেন— কোভিড নয়, এখন ‘হিট লকডাউন!’ আবার কেউ লিখছেন, বৃষ্টি দাও, না হলে দার্জিলিং যাওয়ার টাকা দাও। কেউ কেউ আবার রিল বানিয়ে দেখাচ্ছেন, ডিম ফাটালেই তৈরি হচ্ছে ওমলেট। এদিকে, দুপুরে বৃষ্টিতে শিলিগুড়ি শহরের কিছু রাস্তায় জমেছে জল। 

Advertisement

টানা কয়েকদিন ধরে তীব্র দাবদাহে পুড়ছে শিলিগুড়ি। পাহাড়ের কোলে থাকা এই শহরে সকাল থেকেই ব্যাটিং করছে সূর্য। রোদের দাপটে টেকা যাচ্ছে না। কয়েকদিন ধরেই তাপমাত্রা ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এই অবস্থায় এদিন দুপুর থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় বেশকিছু জায়গা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়। এতে সকলেরই প্রত্যাশা ছিল কিছুটা হলেও নামবে পারদ। গরমের হাত থেকে স্বস্তি মিলবে। কিন্তু হয়নি। বাসিন্দারা বলেন, সাত দিন পর বৃষ্টি হয়েও তেমন লাভ হল না। রাতে স্নান করার পর ঘুমাতে যেতে হল। 
এদিন জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। তবে আলিপুরদুয়ারের আকাশে মেঘ জমলেও বৃষ্টি হয়নি। বাসিন্দারা গরমে হাঁসফাঁস করছেন। এই অবস্থায় সোশ্যাল মিডিয়াতে মিমের ছড়াছড়ি। কেউ কেউ লিখছেন, অসহ্য গরম। এখনই এসি কিনে নিয়ে আসি। সঙ্গে হাসির ইমোজি। আবার কেউ সবুজ ব্যানারের উপরে লিখেছেন, ঠাকুর দাদার লাগানো গাছ বিক্রির টাকায় এসি কিনে গরম থেকে বাঁচুন। কেউ লাল ব্যানারে লিখেছেন, অসহ্য গরম, মানা যায়...। এর প্রতিক্রিয়ায় আগুনের ছবি দিয়ে পোস্ট করে একজন বলেছেন, আপাতত খবর খারাপ। গরমে সব কাজ বন্ধ। সমতলের গরম থেকে বাঁচতে কেউ কেউ দার্জিলিংয়ে যাওয়ার কথা উল্লেখ করেছে সোশ্যাল মিডিয়ায়। সেইসঙ্গে অনেকে এসি, ফ্যানের বিজ্ঞাপনও সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন। বাজার ধরতে অফারও ঘোষণা করেছেন। 
এদিকে, উত্তরবঙ্গের অন্যান্য জেলার তুলনায় এদিন শিলিগুড়িতে বৃষ্টির দাপট কিছুটা বেশি ছিল। এরজেরে শহরের ১০ নম্বর ওয়ার্ডে, হাকিমপাড়া, হায়দরপাড়া, চম্পাসারিতে রাস্তা ধারে ও খানাখন্দে জল দাঁড়িয়ে যায়। এই অবস্থায় মৌসুমিবায়ুর সক্রিয়তা নিয়ে সুখবর শুনিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী শুক্র ও শনিবার দার্জিলিং সহ বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস ঘোষণা করা হয়েছে। 
সিকিম কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের অধিকর্তা গোপীনাথ রাহা বলেন, বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প প্রবেশ করছে। ধীরে ধীরে তাপমাত্রার দাপট কমবে। বৃষ্টির তীব্রতা বাড়বে।  বৃষ্টিতে জলমগ্ন শিলিগুড়ির হায়দরপাড়া বাজার এলাকা। - নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ