সংবাদদাতা, ইটাহার: সূর্যাস্তের পর শতাব্দী প্রাচীন রীতি মেনে শ্রীশ্রী জয়কালী মাতা ঠাকুরানীর নিরঞ্জন করা হল শুক্রবার। এদিন সন্ধ্যায় ইটাহারের জয় কালীবাড়ি পাড়ায় অবস্থিত মন্দির লাগোয়া পুকুরে মাকে নিরঞ্জন করা হয়। এদিন বিদায় বেলায় প্রায় ১০ হাজার ভক্তের সমাগম হয় মন্দির প্রাঙ্গণে। বৃহস্পতিবার গভীর রাতে নিয়ম নিষ্ঠার সঙ্গে মায়ের আরাধনায় ব্রতী হন হাজার হাজার ভক্ত। প্রায় ৩০০ বছর পুরনো জয়কালী মাতার পুজোয় শুধু ইটাহার নয়, পার্শ্ববর্তী দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলার বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষের সমাগম হয়। পাশাপাশি মন্দির প্রাঙ্গণে মেলা বসে। এদিন জয়কালী মাতার নিরঞ্জনকে কেন্দ্র করে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশাল পুলিস বাহিনী মোতায়েন করা হয়েছিল।



