Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

বাছাই পর্বে জয়ী ইতালি, বেলজিয়াম

বিশ্বকাপের বাছাই পর্বে গত ম্যাচে হারের পরই কার্যত বিদায়ঘণ্টা বেজে গিয়েছিল লুসিয়ানো স্পালেত্তির। সোমবার মলডোভা ম্যাচের পরই আনুষ্ঠানিকভাবে তাঁর সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক সেরে ফেলল ইতালি।

বাছাই পর্বে জয়ী ইতালি, বেলজিয়াম
  • ১১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রোম: বিশ্বকাপের বাছাই পর্বে গত ম্যাচে হারের পরই কার্যত বিদায়ঘণ্টা বেজে গিয়েছিল লুসিয়ানো স্পালেত্তির। সোমবার মলডোভা ম্যাচের পরই আনুষ্ঠানিকভাবে তাঁর সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক সেরে ফেলল ইতালি। স্পালেত্তির বিদায়ী ম্যাচে ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ল আজ্জুরিরা। সেই সঙ্গে বাছাই পর্বে প্রথম পয়েন্টের মুখ দেখল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচে ইতালির হয়ে জাল কাঁপান যথাক্রমে গিয়াকোমো রাসপাদোরি ও আন্দ্রে আম্বিয়াসো। উল্লেখ্য, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ ইতালি। এবারও বাছাই পর্বে প্রথম ম্যাচে হারের পরই তাই কোচ বদলের সিদ্ধান্ত নেয় ফেডারেশন। শেষ ম্যাচে ছেলেরা জয় তুলে নেওয়ার খুশি স্পালেত্তি। তাঁর কথায়, ‘আমার স্বপ্ন ছিল, ইতালিকে ফের বিশ্বকাপের মঞ্চে তুলে ধরা। তবে মাঝপথেই সরতে হল। আশা করব, নতুন কোচের হাত ধরে আমরা আবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করব।’ ইতালির পরবর্তী কোচ হিসেবে ক্লডিও র‌্যানিয়েরির নাম ভাসলেও, জাতীয় দলের দায়িত্ব নিতে রাজি নন তিনি।

Advertisement

এদিকে, বিশ্বকাপের বাছাই পর্বে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল বেলজিয়াম। সোমবার ঘরের মাঠে ওয়েলসকে ৪-৩ গোলে হারাল তারা। ম্যাচে একটা সময় বেলজিয়াম তিন গোলে লিড নিলেও রক্ষণের ব্যর্থতায় তা হাতছাড়া হয়। ম্যাচের শেষলগ্নে দুরন্ত গোলে দলের জয় নিশ্চিত করেন কেভিন ডি ব্রুইন। ম্যাচে ‘দ্য রেড ডেভিলস’ ব্রিগেডের বাকি তিন গোলদাতা যথাক্রমে রোমেলু লুকাকু, ইয়োরি টিয়েলসম্যান ও জেরেমি ডোকু। ওয়েলসের হয়ে স্কোরশিটে নাম তোলেন যথাক্রমে হ্যারি উইলসন, সোরবা টমাস ও ব্রেনান জনসন। উল্লেখ্য, বাছাই পর্বের গত ম্যাচে নর্থ ম্যাসেডোনিয়ার বিরুদ্ধে পয়েন্ট খুইয়েছিল বেলজিয়াম। তবে দ্বিতীয় ম্যাচে দল জয়ে ফেরায় খুশি কোচ রুডি গার্সিয়া।
অপর ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ৫-১ গোলে হারাল ক্রোয়েশিয়া। জোড়া গোল আন্দ্রেজ ক্রামারিচের। এছাড়া স্কোরশিটে নাম তোলেন যথাক্রমে লুকা মডরিচ, ইভান পেরিসিচ ও আন্তে বুদিমির। পাশাপাশি আর্লিং হালান্ডের একমাত্র গোলে এস্তোনিয়াকে হারাল নরওয়ে।

Advertisement
সম্পর্কিত সংবাদ