সুদীপ্ত কুণ্ডু, হাওড়া: ‘গত মাসে দার্জিলিং গিয়েছিলাম। টয় ট্রেনে এনজেপি থেকে দার্জিলিং যেতে ৬ ঘণ্টা লাগে। তার উপর আরও এক ঘণ্টা লেট ছিল। এই লোকাল তো দেখছি টয় ট্রেনকেও হার মানাবে!’ একরাশ বিরক্তি নিয়ে সহযাত্রীর কাছে ক্ষোভ উগরে দিচ্ছিলেন মেদিনীপুর লোকালের নিত্যযাত্রী অলকেশ বসু। সেদিন তাঁদের ট্রেনটি দাশনগর ও টিকিয়াপাড়ার মাঝে প্রায় ৪০ মিনিট ধরে দাঁড়িয়েছিল।
এই কথোপকথন স্রেফ একটি উদাহরণ! আদতে দক্ষিণ-পূর্ব রেলের যে কোনো লোকালের যাত্রীই দিনের পর দিন এই অভিজ্ঞতার সাক্ষী। সাঁতরাগাছি থেকে হাওড়া—মাত্র সাত কিলোমিটার আসতে ঘণ্টার পর ঘণ্টা লাগিয়ে দিচ্ছে লোকাল। কখনও ১ ঘণ্টা, কখনও ৩ বা ৪ ঘণ্টা লেটেও হাওড়ায় ঢুকছে দক্ষিণ-পূর্বের এক-একটি ট্রেন। পরিস্থিতি এমন যে সাঁতরাগাছি থেকে হাওড়া পৌঁছানোর বিকল্প রাস্তা খুঁজতে বাধ্য হচ্ছেন তিতিবিরক্ত নিত্যযাত্রীরা।
এই সোমবারও সকাল ১১টা নাগাদ রামরাজাতলা, দাশনগর ও টিকিয়াপাড়ার মাঝে যাত্রীদের এই দুর্ভোগের ছবি দেখা গেল। তিন স্টেশনের মধ্যে অন্তত চারটি লোকাল দাঁড়িয়ে রয়েছে সিগন্যালের অপেক্ষায়। ট্রেন থেকে নেমে লাইন ধরে হাঁটছেন বহু যাত্রী। কারও কাঁধে ভারি ব্যাগ, কেউ সন্তান কোলে নিয়ে ঝুঁকির যাত্রায় বাধ্য হচ্ছেন। একই লাইনে কিছুটা পরপর দাঁড়িয়ে ট্রেন। ক্ষুব্ধ যাত্রীদের মধ্যে ঘুরেফিরে আসছে নিত্যদিনের এই দুর্ভোগের প্রসঙ্গ। তাঁদের অভিযোগ, সকাল সাড়ে ১০টায় সাঁতরাগাছি ঢোকার কথা পাঁশকুড়া লোকালের। সেটি ঢুকেছে প্রায় এক ঘণ্টা পর। তারপর সাঁতরাগাছি থেকে হাওড়া পৌঁছাতে লেগেছে আরও ২ ঘণ্টা। ওই দিন উলুবেড়িয়া-হাওড়া লোকাল চলছিল দেড় ঘণ্টা দেরিতে। খড়্গপুর লোকাল টিকিয়াপাড়া থেকে হাওড়া, মাত্র তিন কিলোমিটার পথ পেরতেই সময় নিয়েছে দেড় ঘণ্টা। একই হাল হলদিয়া, মেচেদা, আমতা ও মেদিনীপুর লাইনের ট্রেনগুলিরও।
ভুক্তভোগীদের দাবি, সপ্তাহে অন্তত পাঁচ দিনই এই পরিস্থিতি। বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে রেললাইনে নেমে দাশনগর বা টিকিয়াপাড়া স্টেশনে হেঁটে পৌঁছাতে হচ্ছে। সেখান থেকে বাস বা টোটো ধরে যেতে হচ্ছে হাওড়া। সন্ধ্যার ব্যস্ত সময়েও ট্রেনগুলির অবস্থা তথৈবচ। এমনকি রাত ১০টার পরও হাওড়া থেকে মেচেদা, হলদিয়া, খড়গপুর ও মেদিনীপুরগামী লোকাল চলছে অনেক দেরিতে। কখনও রাত ১০টার ট্রেন ছাড়ছে সাড়ে ১১টায়, মেচেদা পৌঁছাচ্ছে সাড়ে ১২টা নাগাদ। এই দুর্ভোগ থেকে রেহাই পেতে স্টেশনে স্টেশনে বিক্ষোভ, ডিআরএমের কাছে ডেপুটেশন—কিছুই বাদ রাখেননি যাত্রীরা। তবু আশ্বাস ছাড়া কিছু মেলেনি বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিয়ো পোস্ট করেও ক্ষোভ জানাচ্ছেন তাঁরা। সম্প্রতি ভাইফোঁটার দিন সাঁতরাগাছি থেকে টিকিয়াপাড়া পর্যন্ত দাঁড়িয়ে থাকা লোকালের সারির ভিডিয়ো ভাইরাল হয়েছিল।
স্টেশন মাস্টার ও গেটম্যানদের অনেকের দাবি, সাঁতরাগাছি-টিকিয়াপাড়া অংশে তীব্র ট্রাফিক জটই এই দুর্ভোগের অন্যতম কারণ। হাওড়া স্টেশনে সিগন্যাল ও প্ল্যাটফর্মের অভাব, অতিরিক্ত ট্রেনের চাপ এবং দূরপাল্লার ট্রেনের খালি রেক সাঁতরাগাছি ও টিকিয়াপাড়া ইয়ার্ডে আসা-যাওয়া করার জন্য মূল লাইনে জট তৈরি হচ্ছে। দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম নিশান্ত কুমার বলেন, ‘হাওড়া স্টেশন পূর্ব রেলের অধীন। সেখান থেকে প্ল্যাটফর্ম ফাঁকা থাকার সংকেত না মিললে দক্ষিণ-পূর্ব রেলের লোকাল দাঁড় করিয়ে রাখতে হয়। তাছাড়া উৎসবের মরশুমে প্রচুর সংখ্যায় অতিরিক্ত ট্রেন চলায় সমস্যা আরও বাড়ছে।’ কিন্তু মাসের পর মাস চলা এই ভোগান্তির শেষ কবে, তার কোনো উত্তর মেলেনি। দাশনগর ও টিকিয়াপাড়ার রেলগেটগুলিতে দাঁড়ালেই বোঝা যায়, রেলের আশ্বাস আর যাত্রীদের বাস্তব অভিজ্ঞতার মধ্যে বিস্তর ফারাক।



