Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ইস্টার্ন বাইপাসে গাড়ির ধাক্কায় মৃত্যু শিশুর, মারাত্মক জখম মা

ইস্টার্ন বাইপাসে গাড়ির ধাক্কায় মৃত্যু শিশুর, মারাত্মক জখম মা
  • ১৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: সোমবার সন্ধ্যায় ইস্টার্ন বাইপাসে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক শিশুর। গুরুতর জখম হয়েছে মৃত শিশুর মা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাইপাসের ভারী মোড়ে। পুলিস জানিয়েছে, ঘাতক গাড়িটিকে পাকড়াও করা যায়নি। খোঁজ চলছে। ভক্তিনগর থানার আশিঘর ফাঁড়ির পুলিস জানিয়েছে, মৃত শিশুর নাম ভিভান রায় (৫)। গুরুতর জখম হয়েছে তার মা। ওই মহিলা হাত, পা ও মাথার চোট গুরুতর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি স্কুটারে মা ও ছেলে ইস্টার্ন বাইপাস ধরে যাচ্ছিলেন। সম্পর্কে তাঁরা শিলিগুড়ি আদালতের আইনজীবী ইন্দুভূষণ রায়ের স্ত্রী ও সন্তান। ছেলেকে স্কুটারের সামনে বসিয়ে চালাচ্ছিলেন তার মা। ইস্টার্ন বাইপাসের ভারী মোড়ে একটি গাড়ির সঙ্গে কোনওভাবে দুর্ঘটনাটি ঘটে। এতে স্কুটার থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় শিশুটি। ভারী গাড়ির পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাচ্চাটির। গুরুতর জখম হয় তার মা। স্থানীয়রাই মহিলাকে উদ্ধার করে সেভক রোডের একটি নার্সিংহোমে নিয়ে যান। মারাত্মক জমখ অবস্থায় সেখানেই ওই মহিলার চিকিৎসা চলছে। ওই আইনজীবীর বাড়ি শিলিগুড়ি শহরের সুভাষপল্লিতে। পাড়ায় এ খবর পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে এলাকায়। 
Advertisement
এদিকে, ঘটনার খবর পেয়ে আশিঘর ফাঁড়ির পুলিস সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয়। তারা ঘটনার তদন্তে নামে। যদিও স্থানীয়রা গাড়িটি চিহ্নিত করার আগেই চম্পট দেয়। পুলিস জানিয়েছে, স্থানীয় সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ঘাতক গাড়িটির খোঁজে নামা হয়েছে। অন্যদিকে, মর্মান্তিক এই ঘটনার খবর পেয়ে নার্সিংহোমে পৌঁছন শিলিগুড়ি আদালতের আইনজীবীরা। শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অলোক ধারা বলেন, আমাদের এক সহকর্মীর শিশুপুত্র সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে। ওঁর স্ত্রীর শারীরিক অবস্থাও সঙ্কটজনক। এভাবে শিশুটির মৃত্যু মেনে নেওয়া যাচ্ছে না। কী বলে পরিবারটিকে সান্ত্বনা দেব বুঝতে পারছি না। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পূর্ব) রাকেশ সিং বলেন, ইস্টার্ন বাইপাসে দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। একজন মহিলা জখম অবস্থায় চিকিৎসাধীন নার্সিংহোমে। এলাকার ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে।
সম্পর্কিত সংবাদ