Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ইসলামপুরে বড়দিনের মেলায় এবার স্টল খুলছে পুরসভা, চলবে সচেতনতা প্রচার

ইসলামপুরে বড়দিনের মেলায় এবার স্টল খুলছে পুরসভা, চলবে সচেতনতা প্রচার
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইসলামপুর: ইসলামপুরে বড়দিনের মেলায় স্টল খুলছে পুরসভা। এবারই প্রথম রাজ্যের নির্দেশে ওই স্টল খোলা হচ্ছে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ও ডেঙ্গু সম্পর্কে সচেতনতা প্রচার হবে স্টল থেকে। মহিলা স্বনির্ভর দলের তৈরি বিভিন্ন সামগ্রীও বিক্রি হবে। স্টলে চা পাওয়া যাবে। এই উদ্যোগকে সঠিকভাবে বাস্তবায়িত করতে ইতিমধ্যেই পুর কর্মীরা কাজ শুরু করে দিয়েছেন। পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল বলেন, এবার রাজ্য থেকে নির্দেশ এসেছে স্টল খোলার। সেই নির্দেশ মেনেই স্টল খোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
Advertisement
ইসলামপুর শহরের মিলনপাড়ায় একটি ক্যাথলিক চার্চ আছে। প্রতি বছর বড়দিন উপলক্ষ্যে সেজে ওঠে গোটা এলাকা। চার্চের অধীনে থাকা একটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মেলা বসে। ২৪ ডিসেম্বর বিকেল থেকেই শুরু হয়ে মেলার একাংশ চালু হয়ে যায়। তবে ২৫ ডিসেম্বর বড় আকারে মেলা হয়। বিভিন্ন ধর্মের মানুয় চার্চে ঘুরতে আসে এবং মেলায় কেনাকাটা করে। বিপুল জনসমাবেশের মধ্যে পুরসভার স্টল থেকে একদিকে সচেতনতা প্রচার  অন্যদিকে স্বনির্ভর দলের আয়ের ব্যবস্থা হচ্ছে। পুরসভার স্বাস্থ্য‌ ঩বিভাগের কর্মী সম্রাট বিশ্বাস বলেন, বড়দিনের মেলায় স্টল খোলা হবে। ২৪ ও ২৫ ডিসেম্বর দু’দিন স্টল খোলা থাকবে। স্টল থেকে ডেঙ্গু সহ বিভিন্ন পতঙ্গবাহী রোগ নিয়ে মানুষকে সচেতন করা হবে। এজন্য স্টলে সচেতনতামূলক ব্যানার থাকবে। লিফলেট বিলি ও মাইকিং করা হবে। স্বনির্ভর দলের মহিলারা তাঁদের তৈরি বিভিন্ন আচার, মশলা, উলের তৈরি জিনিসপত্র সহ চা বিক্রি করবেন। পুরসভার স্যানিটারি ইন্সপেক্টর বাবলু নাথ বলেন, কয়েক বছর থেকেই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সম্পর্কে বাসিন্দাদের সচেতন করা হচ্ছে। পুরসভার নির্দিষ্ট ডাম্পিংগ্রাউন্ডও আছে। ডাম্পিং গ্রাউন্ডে পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করা খুবই কঠিন হয়ে ওঠে। তাই বাড়ি থেকেই বর্জ্য আলাদা করার জন্য বাড়ি বাড়ি দু’টি বিন (বালতি) দেওয়া হয়েছে। একটিতে পচনশীল ও অন্যটিতে অপচনশীল বর্জ্য ফেলার কথা। কিন্তু বাসিন্দাদের একাংশ দুই ধরনের বর্জ্য মিলিয়ে দিচ্ছে। এবিষয়ে স্টল থেকে মানুষকে আরও বেশি করে সচেতন করা হবে।
সম্পর্কিত সংবাদ