সংবাদদাতা, ইসলামপুর: ইসলামপুরের তিনপুল এলাকার নিয়ন্ত্রিত বাজার সমিতির (আরএমসি) অধীনে থাকা বাজারের নিকাশি ব্যবস্থা বেহাল। নিয়মিত নালা সাফাই করা হচ্ছে না সেখানে। জমে থাকা জলে সমস্যা হচ্ছে, অন্যদিকে, আবর্জনার দুর্গন্ধে বাজারে কেনাবেচা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। বাজারের এই পরিস্থিতিতে প্রশাসনের উদাসীনতায় বাসিন্দারা ক্ষুব্ধ। প্রায় ১৪ একর এলাকা নিয়ে ইসলামপুরের তিনপুল সংলগ্ন এলাকায় এই বাজার। ইসলামপুর সহ বিভিন্ন এলাকার চাষিরা উৎপাদিত ফসল ধান,পাট, গম সহ বিভিন্ন জিনিস বিক্রি করতে এই বাজারে আসেন। গোরু কেনাবেচাও হয়। মাছ, পান, ফল, কাঁচালঙ্কা, পেয়াজ সহ বিভিন্ন সব্জি সহ কৃষিজ পণ্যের পাইকারি বাজার এখানে আছে। বৃহস্পতি ও সোমবার এখানে হাট বসে। এই বাজারটি খুবই গুরুত্বপূর্ণ। প্রচুর মানুষের সমাগম হয়। তবে কয়েকদিনের বৃষ্টিতে বাজারের একাধিক জায়গায় জল দাঁড়িয়েছে। নিকাশি নালা থাকলেও জল বের হয় না। কিছু জায়গায় আবার নিকাশি নালাই নেই। জমে থাকা জলের কারণে বাজারে আসা ক্রেতা ও বিক্রেতারা সমস্যায় পড়েছেন। হাট চত্বর আবর্জনায় ছেয়ে রয়েছে। বিশেষ করে জমে থাকা থার্মোকল দূষণের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। সাফাই হয় না বললেই চলে। গ্রামাঞ্চলের মানুষের কাছে আরএমসির এই বাজারটির গুরুত্ব অপরিসীম। কিন্তু পরিকাঠামো বেহাল থাকায় সমস্যা বাড়ছে। বাজারের মাছ ব্যবসায়ীদের সংগঠনের সম্পাদক আবদুল রহমান বলেন, নিকাশি নালা আছে, কিন্তু সেগুলি সাফাই হয় না। জল বের হওয়ার ব্যবস্থা নেই। থার্মোকল সহ আবর্জনা জমে থাকলেও সাফাই হয় না। ফলে এই সমস্যা। বিষয়টি নিয়ে ব্যবসায়ী সংগঠন থেকে সংশ্লিষ্ট দপ্তরের সম্পাদককে জানিয়েছিলাম। কিন্তু কাজ হয়নি। এব্যাপারে উত্তর দিনাজপুর জেলা আরএমসির সম্পাদক অনিলকুমার শর্মা বলেন, নিকাশি নালার টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে।



