Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

টিম ইন্ডিয়ার টি-২০ বিশ্বকাপ দলে বড় চমক ঈশান কিষান, গিল বাদ, বহাল তবিয়তে ফর্মহীন সূর্য!

মেগা আসরের ঢাকে কাঠি পড়বে ৭ ফেব্রুয়ারি। তার দেড় মাস আগেই টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। রীতিমতো বড় চমক রয়েছে স্কোয়াডে।

টিম ইন্ডিয়ার টি-২০ বিশ্বকাপ দলে বড় চমক ঈশান কিষান, গিল বাদ, বহাল তবিয়তে ফর্মহীন সূর্য!
  • ২১ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: মেগা আসরের ঢাকে কাঠি পড়বে ৭ ফেব্রুয়ারি। তার দেড় মাস আগেই টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। রীতিমতো বড় চমক রয়েছে স্কোয়াডে। ১৫ জনের দলে জায়গাই হয়নি গত টি-২০ সিরিজের সহ-অধিনায়ক শুভমান গিলের। একই সঙ্গে বাদ পড়েছেন জিতেশ শর্মা। স্বপ্নভঙ্গ ঋষভ পন্থ, যশস্বী জয়সওয়ালেরও। তবে স্কোয়াডে সবচেয়ে নজরকাড়া অন্তর্ভুক্তি ঈশান কিষানের। দীর্ঘ দু’বছর পর জাতীয় দলে ফিরলেন ২৭ বছরের কিপার ব্যাটসম্যান। সুযোগ পেয়েছেন ‘ফিনিশার’ রিঙ্কু সিংও।
ভারতীয় ক্রিকেটের নতুন পোস্টার বয় হিসেবে শুভমান গিলকে মেলে ধরার চেষ্টায় খামতি রাখেননি কোচ গৌতম গম্ভীর। ইতিমধ্যে তাঁকে টেস্ট এবং ওয়ান ডে’র ক্যাপ্টেন করা হয়েছে। আর টি-২০’তে সহ-অধিনায়ক। তরুণ প্রতিভাকে সব ফরম্যাটে সিংহাসন অর্পণের পরিকল্পনাই ব্যুমেরাং হয়েছে। চাপের প্রভাব পড়েছে তাঁর ব্যাটিংয়ে। বিশেষ করে, সাদা বলের ক্রিকেটে সম্প্রতি চোখে সরষে ফুল দেখার উপক্রম। এবছর ১৫টি টি-২০ ম্যাচে করেছেন ২৯১ রান। গড় ২৪.২৫। একটাও পঞ্চাশ নেই। অথচ তাঁর জন্য দিনের পর দিন ডাগ-আউটে বসেছেন ছন্দে থাকা সঞ্জু স্যামসন। তাই বিশ্বকাপের মতো মেগা মঞ্চে আর ঝুঁকি নিতে চাননি নির্বাচকরা। বলা ভালো, গিলকে বাদ দিয়ে নিজেদের হারানো ভাবমূর্তি উদ্ধারের চেষ্টাই করেছেন আগরকররা। যদিও সেটাও পূর্ণাঙ্গ প্রয়াস নয়। তাহলে তো গিলের মতোই ‘ছুটি’তে যাওয়া উচিত ছিল ব্যাটে গ্রহণ লাগা সূর্যের! আশ্চর্যজনকভাবে বিশ্বকাপে যথারীতি নেতৃত্বে বহাল সূর্যকুমার যাদব। অথচ তাঁর ফর্ম নিয়ে প্রশ্ন উঠছে দীর্ঘদিন ধরেই। চলতি বছরে একটা হাফ-সেঞ্চুরি নেই তাঁর নামের পাশেও। শেষ ২৫ ম্যাচে মোট রান ২৪৪। গড় তো গিলেরও অর্ধেক— ১২.৮৪! তবু মেগা আসরের আগে ক্যাপ্টেন বদলানো উচিত নয় প্রথাতেই অটল থাকলেন আগরকররা। আর কবে ঘুম ভাঙবে তাঁদের! গিলের জায়গায় সহ-অধিনায়ক করা হয়েছে অক্ষর প্যাটেলকে।
আপাত দৃষ্টিতে গতবারের চ্যাম্পিয়ন ভারতের স্কোয়াডকে বেশ ভারসাম্যপূর্ণই দেখাচ্ছে। বিশ্বকাপ হবে ভারত এবং শ্রীলঙ্কার মাটিতে। তাই দলে চারজন স্পিনারকে রাখা হয়েছে। তার মধ্যে দু’জন স্পেশালিস্ট— বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব। স্পিনার-অলরাউন্ডার হিসেবে সুযোগ পেয়েছেন ওয়াশিংটন সুন্দর ও অক্ষর প্যাটেল। আর পেসার-অলরাউন্ডারের ভূমিকায় দেখা যাবে হার্দিক পান্ডিয়া ও শিবম দুবেকে। তবে ব্যাটিং লাইন আপ এবং পেস বোলিং নিয়ে কোনওরকম পরীক্ষার পথে হাঁটেননি নির্বাচকরা। অভিষেক শর্মার সঙ্গে ওপেন করবেন সঞ্জু স্যামসন। তিন নম্বরে তিলক ভার্মা। চার ও পাঁচে যথাক্রমে সূর্যকুমার ও হার্দিক। ছয়ে অক্ষর প্যাটেল কিংবা ঈশান কিষান। আর ফিনিশার হিসেবে সাত নম্বরে নামানো হতে পারে রিঙ্কু সিংকে। পেস আক্রমণে আছেন যশপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং ও হর্ষিত রানা। ফলে মহম্মদ সামি ও মহম্মদ সিরাজের বিশ্বকাপ খেলার আশা শেষ। বিবেচনা করা হয়নি ঋষভ পন্থ, যশস্বী জয়সওয়ালের মতো নামীদেরও। উল্লেখ্য, বিশ্বকাপের জন্য নির্বাচিত এই দলই নিউজিল্যান্ডের বিরুদ্ধে জানুয়ারিতে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে।
শনিবার মুম্বইয়ে বোর্ডের সদর দফতরে দল নির্বাচনী বৈঠকে বসেছিল অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। হাজির ছিলেন অধিনায়ক সূর্যকুমারও। সূত্রের খবর, গিলকে বাদ দেওয়া নিয়ে যতটা সরগরম হয়েছে নির্বাচনী সভা, তার চেয়ে বেশি উত্তাপ ছড়িয়েছে ঈশানের প্রত্যাবর্তন। সর্বাধিক রান করে ঝাড়খণ্ডকে সৈয়দ মুস্তাক আলি ট্রফি এনে দিয়েছেন তিনিই। পুরস্কারও পেলেন হাতেনাতে। একেবারে অপ্রত্যাশিতভাবে দীর্ঘ ২৫ মাস পর ভারতীয় দলের দরজা খুলল ঈশানের সামনে।

Advertisement

টি-২০ বিশ্বকাপে ভারতীয় দল

সূর্যকুমার যাদব (অধিনায়ক), অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, যশপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, ঈশান কিষান এবং হর্ষিত রানা।

Advertisement
সম্পর্কিত সংবাদ