Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ঈশানের তাণ্ডব, চুরমার কিউয়িরা

ঈশান কিষান ইন, সঞ্জু স্যামসন আউট! শনিবার টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতের প্রথম এগারো এমনই হওয়ার পথে। অভিষেক শর্মার সঙ্গে ওপেনে আসতে চলেছেন ঈশান।

ঈশানের তাণ্ডব, চুরমার কিউয়িরা
  • ১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

তিরুবনন্তপুরম: ঈশান কিষান ইন, সঞ্জু স্যামসন আউট! শনিবার টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতের প্রথম এগারো এমনই হওয়ার পথে। অভিষেক শর্মার সঙ্গে ওপেনে আসতে চলেছেন ঈশান। আর ফিট হয়ে ওঠা তিলক ভার্মা খেলবেন সঞ্জুর জায়গায়। সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৪৬ রানে হারানোর দিনে তেমন ইঙ্গিতই মিলল। সঞ্জু নন, কিউয়ি ইনিংসে ঈশানই কিপ করলেন যে!

Advertisement

বাস্তবতা হল, নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে মাত্র ৪৬ করা সঞ্জু এই মুহূর্তে চূড়ান্ত অফফর্মে। এমন নড়বড়ে দেখানো কাউকে নিয়ে খেতাব ধরে রাখার লড়াইয়ে নামা বোকামি। আর এদিনের তাণ্ডবের পর ঈশানকে না খেলানো অপরাধই। ঝাড়খণ্ডের বাঁ-হাতির তাণ্ডবেই যে এদিন চুরমার ব্ল্যাক ক্যাপসরা। পরপর দুটো ছক্কা হাঁকিয়ে এই ফরম্যাটে দেশের জার্সিতে প্রথম সেঞ্চুরি পূর্ণ করলেন ২৭ বছর বয়সি। ২৮ বলে পঞ্চাশের পর ৪২ বলে একশো, বাঁ-হাতির সামনে অসহায় দেখাল মিচেল স্যান্টনার, ঈশ সোধিদের। ১০টা ছক্কা আর ছ’টি বাউন্ডারিতে সাজানো ইনিংসে ঈশান কার্যত ছেলেখেলা করলেন তাঁদের নিয়ে।

শুরুটা যদিও অভিষেক (১৬ বলে ৩০) করেছিলেন। কিন্তু তিনি বেশিক্ষণ থাকেননি। এরপর তৃতীয় উইকেটে ৫৮ বলে ওঠে ১৩৭। ঝড় তোলেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদবও (৩০ বলে ৬৩)। এই সিরিজে এই নিয়ে তিনবার পঞ্চাশ টপকালেন ‘স্কাই’। নিঃসন্দেহে যা ইতিবাচক লক্ষণ। সিরিজের সেরাও হয়েছেন তিনি। অবশ্য সূর্য ফিরলেও ছন্দ বজায় রাখেন হার্দিক পান্ডিয়া (১৭ বলে ৪২)। ভারত শেষ পর্যন্ত থামে ২৭১ রানে, যা এই ঘরানায় টিম ইন্ডিয়ার তৃতীয় সর্বাধিক। মোট ২৩টি ছক্কা হাঁকান ব্যাটাররা। বিশ্বকাপের আগে বাকি দলগুলোর কাছে তা যেন হুঁশিয়ারিই। ম্যাচে ৩৬ ছক্কা। টি-২০ ফরম্যাটে যা রেকর্ড।

বোলিং নিয়ে যদিও কিছুটা দুশ্চিন্তা থাকছেই। যশপ্রীত বুমরাহও আগের মতো বিধ্বংসী নন। দিলেন ৫৮ রান। ফিন অ্যালেন (৩৮ বলে ৮০) বিগ ব্যাশ লিগের ফর্মে রীতিমতো তুলে তুলে মারলেন। ঈশান বার দুয়েক স্টাম্পিং মিস করলেন, বলও গলালেন। সহজ ক্যাচ পড়ল অভিষেকের হাত থেকেও। অর্শদীপ সিং যদিও পাঁচ উইকেট নিলেন। অক্ষর প্যাটেলও ভরসা জোগালেন। কিন্তু রোজ রোজ পকেটে এত বিশাল পুঁজি থাকবে না!

সংক্ষিপ্ত স্কোর: ভারত ২৭১-৫ (ঈশান ১০৩, সূর্য ৬৩, হার্দিক ৪২, অভিষেক ৩০, ফার্গুসন ২-৪১)। নিউজিল্যান্ড ১৯.৪ ওভারে ২২৫(অ্যালেন ৮০, অর্শদীপ ৫-৫১, অক্ষর ৩-৩৩)।    ভারত ৪৬ রানে জয়ী। ম্যাচের সেরা ঈশান কিষান।

Advertisement
সম্পর্কিত সংবাদ