Bartaman Logo
১৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

ভাঙড়ে আইএসএফ কর্মীকে মারধর, ধৃত তৃণমূল নেতা

মেরে আইএসএফ কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ঘিরে মঙ্গলবার ফের উত্তপ্ত হল ভাঙড়। ঘটনায় তৃণমূল নেতা তথা ভাঙড়-২ পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ খয়রুল ইসলামকে গ্রেপ্তার করেছে পোলেরহাট থানার পুলিশ।

ভাঙড়ে আইএসএফ কর্মীকে  মারধর, ধৃত তৃণমূল নেতা
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: মেরে আইএসএফ কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ঘিরে মঙ্গলবার ফের উত্তপ্ত হল ভাঙড়। ঘটনায় তৃণমূল নেতা তথা ভাঙড়-২ পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ খয়রুল ইসলামকে গ্রেপ্তার করেছে পোলেরহাট থানার পুলিশ। ভাঙড়ের এক প্রতিবন্ধী অ্যাথলিটকে সংবর্ধনা দেওয়ার জন্য মঙ্গলবার পাকাপোল বাজারে ফুল-মিষ্টি নিয়ে জড়ো হয়েছিলেন আইএসএফ কর্মীরা। ব্যাংকে যাওয়ার পথে সেখানে পৌঁছন খয়রুল। অভিযোগ, তাঁকে দেখে কয়েক জন আইএসএফ কর্মী কটূক্তি ও গালিগালাজ করেন। তা নিয়ে প্রতিবাদ জানালে দু’পক্ষের মধ্যে প্রথমে বচসা এবং পরে হাতাহাতি শুরু হয়। অভিযোগ, সেই সময় খয়রুল বাঁশ নিয়ে এক আইএসএফ কর্মীকে মারতে তেড়ে যান। দু’পক্ষের সংঘর্ষে কয়েক জন জখম হন। মাথায় আঘাত লাগে আইএসএফ কর্মী সাবির মোল্লার।

Advertisement

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় পোলেরহাট থানার পুলিশ। এর পর খয়রুলের গ্রেপ্তারের দাবিতে পাকাপোল বাজারে জড়ো হন আইএসএফ কর্মীরা। পরে খয়রুলও দলবল নিয়ে সেখানে পৌঁছন বলে অভিযোগ। পুলিশ তাঁকে সেখান থেকে আটক করে থানায় নিয়ে যায়।  পুলিশ অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তারের কথা জানালে বিক্ষোভ তুলে নেন আইএসএফ কর্মীরা। আইএসএফের জেলা পরিষদ সদস্য রাইনুর হকের অভিযোগ, ‘খয়রুলের নেতৃত্বে আমাদের কর্মীদের মারধর করা হয়েছে। একজনের মাথা ফাটানো হয়েছে। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

Advertisement
সম্পর্কিত সংবাদ