Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ইস্টার্ন বাইপাসে এটিএম লুটে এবারও কি জড়িত নুহ গ্যাং? স্থানীয় ‘লিঙ্কম্যান’ নামিয়ে কাজ হাসিল দুষ্কৃতীদের

উত্তরবঙ্গজুড়ে অপারেশন চালাচ্ছে নুহ গ্যাং! একের পর এক এটিএম লুটের পরে এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা পুলিসের তদন্তকারীদের মাথায়।

ইস্টার্ন বাইপাসে এটিএম লুটে এবারও কি জড়িত নুহ গ্যাং? স্থানীয় ‘লিঙ্কম্যান’ নামিয়ে কাজ হাসিল দুষ্কৃতীদের
  • ২৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: উত্তরবঙ্গজুড়ে অপারেশন চালাচ্ছে নুহ গ্যাং! একের পর এক এটিএম লুটের পরে এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা পুলিসের তদন্তকারীদের মাথায়। বারবার এটিএম লুটের ঘটনার পরে যে দুষ্কৃতীরা গ্রেপ্তার হয়েছে, তাদের বেশিরভাগই হরিয়ানার নুহ এলাকার বাসিন্দা। 

Advertisement

ছোট থেকে এটিএম লুট সহ একাধিক প্রতারণা করতে রীতিমতো প্রশিক্ষণ পায় এই দলের সদস্যরা। ধরা পড়ার পর বিভিন্ন জেলে যে সকল রাজ্যের আসামি সাজা কাটে, তাদেরকেও নিজেদের দলে শামিল করা এই দলের রেওয়াজ। সেই কারণে বিভিন্ন এলাকা টার্গেট করার পর সেখানে থাকা তাদের লিঙ্কম্যানদের কাজে লাগায় এই দলের সদস্যরা। স্বাভাবিকভাবেই হরিয়ানার প্রত্যন্ত এলাকার এই গ্যাংয়ের দেশের বিভিন্ন জায়গায় লিঙ্কম্যান রয়েছে বলেই ধারণা করছেন পুলিসের শীর্ষ আধিকারিকদের একাংশ। তবে, পরিকল্পনা করে দলের পুরনো সদস্যরাই। পুলিসের তদন্তকারীদের একাংশের দাবি, এলাকার রেকি করতে এবং সেখান থেকে পালিয়ে যাওয়ার পথ খুঁজতে সাহায্য করে স্থানীয় লিঙ্কম্যানরা। প্রধাননগরের চম্পাসারি এলাকার পর ইস্টার্ন বাইপাসের লোকনাথ মন্দিরের কাছে থাকা এটিএম লুটের পিছনে নুহ গ্যাংয়ের সদস্য বা স্থানীয় লিঙ্কম্যান রয়েছে কি না, তা নিয়েও তদন্ত শুরু করেছে পুলিস। 
এ প্রসঙ্গে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পূর্ব) রাকেশ সিং বলেন, আমরা সমস্ত দিক খতিয়ে দেখছি। স্থানীয় কেউ যুক্ত কি না, দেখা হচ্ছে। 
পুলিসের তদন্তকারী অফিসারদের একটি সূত্রে জানা গিয়েছে, গত ৮ মার্চ উত্তর দিনাজপুর ও ইটাহারের দু’টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম লুটপাট করে ৪০ লক্ষ টাকা নিয়ে পালিয়েছিল দুষ্কৃতীরা। এরপর ১৪ জুন ময়নাগুড়ির রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের দু’টি এটিএমে লুটপাট করে ৫৪ লক্ষ টাকা নিয়ে পালায় দুষ্কৃতী বাহিনী। তার ক’দিন পরেই শিলিগুড়ির চম্পাসারি এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের দু’টি এটিএম লুট করে দুষ্কৃতীরা। সবক’টি ঘটনাতেই তদন্তে নেমে পুলিস জানতে পারে হরিয়ানার কুখ্যাত নুহ গ্যাং এর পিছনে রয়েছে। রায়গঞ্জ ইটাহারের ঘটনায় বুনিয়াদপুর ও হিলির দুই স্থানীয় লিঙ্কম্যানকে ধরেছিল পুলিস। ময়নাগুড়ি এটিএম লুট কাণ্ডের তদন্তে নামার পর যে চারজনকে গ্রেপ্তার করা হয়, তাদের মধ্যে থেকে তিনজন রায়গঞ্জ ও ইটাহারে এটিএম লুটের ঘটনায় মূল অভিযুক্ত ছিল। জেলে থাকার সময়ে হিলি ও বুনিয়াদপুরের দুই দুষ্কৃতীকে দলে টানে তারা। পরে তাদের লিঙ্কম্যান হিসেবে কাজে লাগানো হয়েছিল। স্থানীয় লিঙ্কম্যানদের নিয়েই এরা কাজ হাসিল করেছিল। একইভাবে চম্পাসারি এবং ইস্টার্ন বাইপাসের লোকনাথ মন্দির এলাকায় কোনও লিঙ্কম্যান ছিল কি না, সেই সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিস।

Advertisement
সম্পর্কিত সংবাদ