বাপ্পাদিত্য রায়চৌধুরী, কলকাতা: ইরান যুদ্ধের ‘অজুহাতে’ গত মার্চ মাস থেকেই গ্যাসের নতুন সিলিন্ডারের সংযোগ দেওয়া বন্ধ। অজুহাত কেন? কারণ, কেন্দ্রের পক্ষ থেকেই বারবার জানানো হয়েছে, জ্বালানিতে ঘাটতি নেই। তারপরও অবশ্য দু’টি সিলিন্ডারের মধ্যে বুকিংয়ের মধ্যবর্তী সময়সীমা ২৫ থেকে ৪৫ দিন পর্যন্ত নিয়ে গিয়েছিল সংস্থাগুলি। বাজারে পুরোদমে এসে গিয়েছিল ১০ কেজির সিলিন্ডার। ভাবটা ছিল এমন, বাড়তি প্রয়োজন হলে এটাই কিনুন। দাম? ১ হাজার ৬৬৭ টাকা। এবার সেই ১০ কেজির সিলিন্ডারই কি আম জনতার ভবিতব্য হতে চলেছে? এবং ভরতুকি বিহীন অবস্থায়? এই প্রশ্ন উঠে গিয়েছে তেল-গ্যাস সংস্থাগুলির কিছু কর্মকাণ্ডে। নতুন কানেকশন নিতে গেলে গ্রাহকের জন্য বরাদ্দ হচ্ছে ১০ কেজির সিলিন্ডার। ১৪.২ কেজির নয়। চলতি নভেম্বরেই কেউ নয়া সংযোগ নিতে যান, তাঁকে দিতে হবে ৪ হাজার ৮৫৩ টাকা। আর রিফিলের খরচ, প্রায় ১৭০০ টাকা। অথচ, ১৪.২ কেজির সিলিন্ডার আমরা পাই ৯৬৮ টাকায়। সেই হিসাবে ১০ কেজির দাম হওয়া উচিত ছিল ৬৮২ টাকার আশপাশে। তা কিন্তু হচ্ছে না। কিনতে হচ্ছে প্রায় আড়াই গুণ দামে। এমনকি, ১০ কিলো ওজনের ফ্রি ট্রেড এলপিজি বা এফটিএল সিলিন্ডার কিনলে সরকার যে ২০০ টাকা ছাড় বা ভরতুকি পেতেন, সেই সুবিধাও চুপিসারে তুলে নিয়েছে। তাই প্রশ্ন উঠছে, একসঙ্গে কি জোড়া কোপ আসছে? ১৪.২ কেজির সিলিন্ডার বন্ধ, সঙ্গে ভরতুকিও?
১০ কেজি সিলিন্ডারের ক্ষেত্রে দু’টি সুবিধা দেওয়ার কথা জানানো হয়েছিল। প্রথমত, ২০০ টাকা ছাড়। এবং দ্বিতীয়ত, নতুন কানেকশন নিতে গেলে ২৫০ টাকা ডিসকাউন্ট। এই সুবিধা ডিসেম্বর পর্যন্ত পাওয়ার কথা ছিল। ডিস্ট্রিবিউটররা বলছেন, কেন্দ্র চুপিসারে এই সুবিধা তুলেই দিয়েছে। বরং ডিস্ট্রিবিউটরদের জন্য নতুন করে ইনসেন্টিভের ব্যবস্থা চালু করা হয়েছে। বলা হয়েছে, মাসে সর্বোচ্চ পাঁচটি সিলিন্ডারের নতুন সংযোগ চালু করতে পারলে সিলিন্ডার পিছু ১২৫ টাকা ইনসেন্টিভ পাবেন তারা। ৬ থেকে ১০টি সিলিন্ডারের নতুন সংযোগের ক্ষেত্রে ইনসেন্টিভের অঙ্ক সিলিন্ডার পিছু ১৫০ টাকা। এভাবে ১০০’র উপর সিলিন্ডারের নতুন সংযোগ দিতে পারলে ডিস্ট্রিবিউটরের সিলিন্ডার পিছু ইনসেন্টিভ মিলবে ২৫০ টাকা করে। শুধু নতুন সংযোগ নয়, সিলিন্ডার বিক্রির উপরও ইনসেন্টিভের ব্যবস্থা করা হয়েছে। ১০ থেকে কুড়িটি সিলিন্ডার বিক্রি করলে সিলিন্ডার পিছু ১২৫ টাকা। ২১ থেকে ৫০টি সিলিন্ডার বিক্রিতে ১৫০ টাকা। ৫১ বা তার বেশি সিলিন্ডারের ক্ষেত্রে ইনসেন্টিভ প্রতিটির জন্য ২০০ টাকা। অর্থাৎ প্রত্যেক গ্রাহককে যে আর্থিক সুবিধা দেওয়ার কথা কেন্দ্র ঘোষণা করেছিল, তা স্রেফ উঠিয়ে ইনসেন্টিভ দেওয়া হবে ডিস্ট্রিবিউটরকে। কেন? ডিস্ট্রিবিউটাররা যাতে গ্রাহককে চড়া দামে নতুন সংযোগ নিতে বা সিলিন্ডার কিনতে চাপ দেন, সেই কারণে? অর্থাৎ, পুশ সেল! রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি জানিয়েছে, ডিস্ট্রিবিউটররা চাইলে তাদের প্রাপ্য আর্থিক সুবিধা বা ইনসেন্টিভ গ্রাহককে দিতেই পারেন। অর্থাৎ ডিস্ট্রিবিউটার যে আর্থিক সুরাহা পাচ্ছেন, তা তারা গ্রাহককে দিতে বাধ্য নন। পুরো বিষয়টি ঐচ্ছিক। প্রশ্ন হল, যাঁরা ১০ কেজি সিলিন্ডারে ইচ্ছুক নন, তাঁরা কবে ১৪.২ কিলো সিলিন্ডারের নতুন সংযোগের জন্য আবেদন করতে পারবেন? ডিস্ট্রিবিউটরদের উত্তর নেই। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিও নীরব।
অতি সম্প্রতি ডিস্ট্রিবিউটরদের সর্বভারতীয় সংগঠনের কর্তারা কেন্দ্রীয় পেট্রলিয়ামমন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে দেখা করেন। সেখানেও তাঁরা কোনো সদুত্তর পাননি। বরং স্পষ্ট করা হয়েছে, চড়া দামে জ্বালানি আমদানি করতে কেন্দ্র এবং তেল সংস্থাগুলির উপর যে আর্থিক চাপ বাড়ছে, তা কমানোর ‘ব্যবস্থা’ খুঁজছে সরকার। ১৪.২ কেজির সিলিন্ডারের বোঝা আর বাড়াতে তারা রাজি নয়। কারণ, এই সিলিন্ডার পিছু সরকারকে ২০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত ভরতুকি দিতে হয়। ১০ কেজির সিলিন্ডারে সেই ঝঞ্ঝাট নেই। বরং মোটা অঙ্কের লাভ রয়েছে। কার লাভ? সরকারের। আম জনতার নয়।



