নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রবি চাষের এলাকা কমেছে। ফলে আগামী দিনে ফসলের উৎপাদন কমবে। তাই ফের খাদ্যশস্যের দাম বাড়ার আশঙ্কা থাকছে। খরিফের উৎপাদন, মজুত খাদ্যশস্য দিয়ে কি আদৌ মূল্য বৃদ্ধির সম্ভাবনা আটকাতে পারবে মোদি সরকার? উঠছে প্রশ্ন। কৃষিমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এবার রবি মরশুমের চাষের এলাকা গতবারের তুলনায় সার্বিকভাবে ১১.৩৪ শতাংশ কম হয়েছে। মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে মোট ১৭৮.২৫ লক্ষ হেক্টর জমিতে রবি শস্যের বপন হয়েছে। গত বছর একই সময়ে এর পরিমাণ ছিল ২০১.০৪ লক্ষ হেক্টর। অর্থাৎ, গত বছরের তুলনায় ২২.৭৯ লক্ষ হেক্টর কম জমিতে চাষ হয়েছে। এল-নিনোর প্রভাব ভবিষ্যৎ পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ বাড়িয়েছে। দেশে স্বাভাবিকের তুলনায় ১৩ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। আবার, অক্টোবর মাসে পূর্ব ও উত্তর ভারতের বেশ কয়েকটি অঞ্চলে অতিবৃষ্টি হয়েছে। ফলে ফসল উৎপাদন এবং খাদ্যশস্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ অনিশ্চিত হয়ে পড়েছে।
গত বছরের তুলনায় এবার রবিতে গমের বপন ১৫.২৮ শতাংশ কম। অথচ শীতকালীন চাষে গম অত্যন্ত উল্লেখযোগ্য। ১৩ নভেম্বর পর্যন্ত দেশে ৫০.০৭ লক্ষ হেক্টর জমিতে গমের চাষ হয়েছে। গত বছর একই সময়ে এর পরিমাণ ছিল ৫৯.১০ লক্ষ হেক্টর। ডালের ক্ষেত্রেও উল্লেখযোগ্য ঘাটতি। এখনও পর্যন্ত মোট ৪৭ লক্ষ হেক্টর জমিতে ডাল চাষ হচ্ছে। গত বছর একই সময়ে এই পরিমাণ ছিল ৫৪.৮৭ লক্ষ হেক্টর। অর্থাৎ, ডালের বপন কমেছে ১৪.৩৪ শতাংশ।
সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে ছোলা ডালের চাষ। ২১.৫৯ শতাংশ কম এলাকায় চাষ হচ্ছে। গত বছর এই সময়ে ৩৯.৭০ লক্ষ হেক্টর জমিতে ছোলার বপন হয়েছিল। চলতি মরশুমে তা কমে হয়েছে ৩১.১৩ লক্ষ হেক্টর। তবে মসুর ডালের চাষের এলাকা ১৩.৮৯ শতাংশ বেড়েছে। বর্তমানে ৭.৬৬ লক্ষ হেক্টর জমিতে মসুরের চাষ হচ্ছে। গতবার যা ছিল ৬.৭৩ লক্ষ হেক্টর। একইভাবে বিউলি ডালের চাষের জমির পরিমাণ ১৩.৫৯ শতাংশ বেড়ে হয়েছে ০.৯১ লক্ষ হেক্টর।
ওদিকে, ভোজ্যতেলের চাহিদা মেটাতে ভারতকে অনেকটাই আমদানির উপর নির্ভর হতে হয়। সেই পরিস্থিতিতে তৈলবীজের চাষের জমির পরিমাণ কমে যাওয়ায় বাড়তি উদ্বেগ তৈরি হয়েছে। এবার মোট ৬১.৭১ লক্ষ হেক্টর জমিতে তৈলবীজের চাষ হচ্ছে। গত বছর যা ছিল ৬৬.৬২ লক্ষ হেক্টর। রবি মরশুমের অন্যতম প্রধান তৈলবীজ হল সরষে এবং রাই (রেপসিড)। এই দুই তৈলবীজ এবার চাষ হচ্ছে ৫৯.৩১ লক্ষ হেক্টর জমিতে। গত বছর এই সময়ে যা ছিল ৬৪.৭৮ লক্ষ হেক্টর। পাশাপাশি, মিলেট বা দানাশস্য (যা মোদির সাধের শ্রীঅন্ন), তার চাষের এলাকাও গতবারের তুলনায় ৫.১২ শতাংশ কমে ১১.৫৬ লক্ষ হেক্টরে দাঁড়িয়েছে। ফলে খাদ্যশস্যের দাম বাড়া আটকানো মোদি সরকারের সামনে সবথেকে বড়ো চ্যালেঞ্জ।



